― Advertisement ―

যুক্তরাষ্ট্রের সামরিক নেতৃত্বে বড় পরিবর্তন, জয়েন্ট চিফ বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ কর্মকর্তা ‘চেয়ারম্যান অব জয়েন্ট চিফ অব স্টাফ’ জেনারেল চার্লস কিউ ব্রাউনকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি নৌবাহিনী ও বিমান বাহিনীর শীর্ষ দুই কর্মকর্তাকেও সরিয়ে দেওয়ার ঘোষণা এসেছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ এক পোস্টে জানান, নতুন প্রতিরক্ষানীতির অংশ হিসেবে সামরিক নেতৃত্বে পরিবর্তন আনা হচ্ছে। জেনারেল চার্লস কিউ ব্রাউনের স্থলাভিষিক্ত হয়েছেন বিমান বাহিনীর (অব.) লেফটেন্যান্ট জেনারেল জন ডান কেইন, যিনি চার স্টার জেনারেলও নন।

ট্রাম্প পোস্টে ব্রাউনকে “ভালো মানুষ এবং অসাধারণ নেতা” বলে উল্লেখ করলেও ইঙ্গিত দিয়েছেন, আরও উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের পরিবর্তন করা হবে। তিনি লিখেছেন, “আমি প্রতিরক্ষামন্ত্রী হেগসেথকে নির্দেশ দিয়েছি আরও পাঁচজন শীর্ষ সামরিক কর্মকর্তার মনোনয়ন চূড়ান্ত করতে, যা খুব শিগগিরই ঘোষণা করা হবে।”

এদিকে, যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী নৌবাহিনী প্রধান লিসা ফ্রাঙ্কচেট্টিকেও বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রাম্পের প্রতিরক্ষামন্ত্রী আগে থেকেই তার বিরোধিতা করছিলেন। ২০২৪ সালে প্রকাশিত এক বইয়ে লিসার নিয়োগ নিয়ে ব্যঙ্গ করে লেখা হয়েছিল, “নৌবাহিনীর ব্যর্থতা সত্ত্বেও আমরা অন্তত গর্ব করতে পারি, কারণ আমাদের প্রথম নারী জয়েন্ট চিফ অব স্টাফ রয়েছে।”

ট্রাম্প শপথ নেওয়ার আগেই সামরিক বাহিনীতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিলেন। এবার সেই সিদ্ধান্ত কার্যকর করে সশস্ত্র বাহিনীর নেতৃত্বে ব্যাপক রদবদলের সূচনা করলেন তিনি।