― Advertisement ―

বিএনপির সংগ্রাম জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য: আব্দুল আউয়াল মিন্টু

বিশেষ প্রতিনিধি :

বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও বরিশাল বিভাগের সাংগঠনিক টিম প্রধান আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, বিএনপি আন্দোলন সংগ্রাম করেছে দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে। গত ১৭ বছরে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ১ লাখ ৬০ হাজার প্রহসনমূলক মামলা দায়ের করা হয়েছে। বিএনপির ৬২ লাখ নেতাকর্মীকে কোনো না কোনোভাবে আসামি করা হয়েছে। বিএনপি যে কারণে সংগ্রাম করেছে, তা প্রাথমিকভাবে সফল হয়েছে। একটি স্বৈরাচারী সরকারের পতন ঘটাতে সক্ষম হয়েছে।

তবে আসল উদ্দেশ্য জনগণের সরকার প্রতিষ্ঠা করা, যা এখনো হয়নি। আমরা চাই, বিএনপি সাংগঠনিক দিক থেকে একটি শক্তিশালী সংগঠনে পরিণত হোক।

আজ শনিবার দুপুরে বরিশাল প্রেসক্লাবে বরিশাল মহানগর বিএনপির নেতৃবৃন্দের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, অধিকার পুনরুদ্ধার করতে হলে প্রথম কাজ হচ্ছে দেশে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করা। মানুষ যত সামাজিক হাতিয়ার আবিষ্কার করেছে, তার মধ্যে সবচেয়ে বড় আবিষ্কার হচ্ছে জনগণের দ্বারা নির্বাচিত সরকার।

তিনি আরও বলেন, এই সরকার শুধু সংস্কার সংস্কার করছে, আমরাও সংস্কারে বিশ্বাস করি। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ‘ভিশন ২০৩০’ নামে একটি সংস্কার প্রস্তাব জাতির সামনে দিয়েছেন। এরপর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২৭ দফার একটি সংস্কার প্রস্তাব জাতির সামনে উপস্থাপন করেন। পরবর্তীতে সকল দলের সাথে আলাপ করে ৩১ দফার একটি সংস্কার প্রস্তাব দেওয়া হয়। আমরা সংস্কারও চাই, জনগণের সরকারও চাই। কিন্তু সংস্কার সংস্কার করে যেন আমাদেরকে জনগণের সরকার ও গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করা না হয়, সে জন্য প্রয়োজন একটি সুসংগঠিত সংগঠন।

বিএনপি একটি উদার রাজনৈতিক দল হিসেবে এ দেশের মানুষের সাংবিধানিক অধিকার, মানবাধিকার ও ভোটের অধিকার পুনরুদ্ধারের জন্য সংগ্রাম করে আসছে। স্বৈরাচারী সরকার, যারা জনগণের ভয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছে, তাদের বিরুদ্ধে বিএনপি দীর্ঘদিন ধরে লড়াই করে আসছে।

বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য রওনাকুল ইসলাম টিপু, হাসান মামুন, আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার, যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন।