ডেস্ক রিপোর্ট : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রো-ভিসির বাসভবন ঘেরাও করতে আসা সাত কলেজ শিক্ষার্থীদের ধাওয়া দিয়েছেন ঢাবি শিক্ষার্থীরা৷
এতে সাত কলেজ শিক্ষার্থীরা পিছু হটে নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়েছেন। তবে উভয় পক্ষের মধ্যেই ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইট পাটকেল নিক্ষেপ চলছে।
এসময় ধাওয়া-পাল্টা ধাওয়া ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ।
রোববার (২৬ জানুয়ারি) রাত পৌনে ১১ টার দিকে এ ঘটনার সূত্রপাত হয়।
জানা গেছে, ঢাবির প্রবেশমুখ নীলক্ষেত সংলগ্ন মুক্তি ও গণতন্ত্র তোরণ গেটে অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে। তার মুখোমুখি অবস্থান করছে ঢাবি শিক্ষার্থী ।
পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের সহায়তায় ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বিজিবি জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।
এর আগে সন্ধ্যা সাড়ে ৬টায় সাত কলেজ শিক্ষার্থীরা সাইন্সল্যাব, টেকনিক্যাল মোড় অবরোধ করেন। এরপর রাজধানীর তাঁতীবাজারেও অবরোধ করেন তারা।
তাদের অভিযোগ, রোববার বিকেলে সাত কলেজের শিক্ষার্থীরা ৫ দফা দাবির অগ্রগতি সম্পর্কে জানতে ঢাবি প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি তাদের সঙ্গে অসদাচরণ করেন।
এর জেরে শিক্ষার্থীরা তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন। ঢাবি প্রো-ভিসি ড. মামুন আহমেদ ক্ষমা না চাওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানায় সাত কলেজের শিক্ষার্থীরা।
এদিকে, সোমবার (২৭ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানের কার্যালয়ের সভাকক্ষে অধিভুক্ত ৭ কলেজের অধ্যক্ষগণের সঙ্গে জরুরি সভা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
বিএম/জ/রা



