― Advertisement ―

বানরের ধাক্কায় ছাদ থেকে পড়ে ছাত্রীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: বানরগুলো দশম শ্রেণির এক ছাত্রীকে বারবার আক্রমণ করছিল। পেছাতে পেছাতে একেবারে ছাদের কিনারায় চলে যায় কিশোরী। ঠিক তখনই একটি বানর তাকে সজোরে ধাক্কা মারে। এতে ছাত্রী নিজের ভারসাম্য ধরে রাখতে পারেনি। পড়ে যায় ছাদ থেকে। এতে মাথার পিছনে গুরুতর আঘাত পায় কিশোরী। রক্তাক্ত অবস্থায় তাকে সিওয়ান সদর হাসপাতালে নেওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

শনিবার (২৫ জানুয়ারি) ঘটনাটি ঘটেছে ভারতের বিহার রাজ্যের সিওয়ান জেলার ভগবানপুর থানাধীন মাঘার গ্রামে। এ ঘটনায় গোটা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, ওই কিশোরীর নাম প্রিয়া কুমার। সে গ্রামেরই একটি স্কুলে দশম শ্রেণিতে পড়ত। সামনে তার মাধ্যমিক পরীক্ষা। শীতের দুপুরে বাড়ির ছাদে বসে রোদ পোহাতে পোহাতে পড়াশোনা করছিল সে। এমন সময়ই নেমে আসে বিপদ। আচমকা ছাদে চলে আসে এক দল বানর। এতে ভয় পেয়ে যায় প্রিয়া। ছাদ থেকে সিঁড়ির কাছেও যেতে পারেনি সে।

ভগবানপুর থানার এসএইচও সুজিত কুমার চৌধুরী জানিয়েছেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। কিন্তু কিশোরীর পরিবার ময়নাতদন্তে সম্মতি দেয়নি। থানায় কোনও অভিযোগও দায়ের করেনি। 

সূত্র: এনডিটিভি 

বিএম/জ/রা