― Advertisement ―

যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত হচ্ছে অবৈধ ভারতীয় নাগরিকরা

আন্তর্জাতিক ডেস্ক: জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব বাতিল থেকে শুরু করে সীমান্তে জরুরি অবস্থা জারি পর্যন্ত বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন অবৈধ অভিবাসী বিরোধী ডোনাল্ড ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েই অভিবাসীদের বিরুদ্ধে একের পর এক নির্বাহী আদেশ জারি করেছেন তিনি।

নিউইয়র্ক ভিত্তিক সংবাদমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, অবৈধভাবে যুক্তরাষ্ট্রে বসবাসরত সব ভারতীয় নাগরিককে শনাক্ত করতে এবং ফিরিয়ে নিতে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছে ভারত সরকার।

নতুন আমেরিকান প্রেসিডেন্টের সঙ্গে সহযোগিতা ও বাণিজ্য যুদ্ধ এড়াতে নয়াদিল্লির আগ্রহের প্রাথমিক সংকেত হিসেবেই একে দেখা হচ্ছে।

যুক্তরাষ্ট্র প্রায় ১৮ হাজার অবৈধ ভারতীয় অভিবাসীকে শনাক্ত করেছে। তাদের ভারতে ফেরত পাঠানো হবে। এই জন্য ভারত যাচাই-বাছাই করে বহিষ্কারের প্রক্রিয়া শুরু করবে।

এ বিষয়ে জানাশোনা আছে এমন ব্যক্তিরা পরিচয় গোপন রাখার শর্তে এই তথ্য জানিয়েছেন। তবে প্রকৃত সংখ্যাটা আরও অনেক বেশি হতে পারে। কারণ যুক্তরাষ্ট্রে কতজন ভারতীয় অবৈধ অভিবাসী রয়েছে,তা স্পষ্ট নয়।

যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত হওয়ার তালিকায় ভারতের কোন রাজ্যের কত মানুষ রয়েছে, তা-ও নির্দিষ্টভাবে জানা যায়নি। তবে পশ্চিম ভারতের তরুণরা, বিশেষ করে পাঞ্জাব ও গুজরাট রাজ্যের, যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ বলে মনে করা হয়।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ভারত-মার্কিন অভিবাসন ও চলাচল সহযোগিতার অংশ হিসেবে উভয় পক্ষ অবৈধ অভিবাসন প্রতিরোধে কাজ করছে। এটি ভারত থেকে যুক্তরাষ্ট্রে বৈধ অভিবাসনের আরও সুযোগ তৈরি করার জন্য করা হচ্ছে।

বিএম/জ/রা