আন্তর্জাতিক ডেস্ক: বাসভবনের সামনে তিন হাজারের বেশি পুলিশ মোতায়েন রেখে দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে গ্রেফতার করেছেন দেশটির দুর্নীতি বিরোধী তদন্তকারী দলের সদস্যরা।
রাজধানী সিউলের মধ্যাঞ্চলে স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বেশ কয়েকজন কর্মকর্তা মই বেয়ে ইউনের বাড়ির প্রাঙ্গণে ঢুকে পড়েন। পরে বাংলাদেশ সময় বুধবার (১৫ জানুয়ারি) সকালে তার গ্রেফতারের খবর পাওয়া যায়।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, ইউন সুক ইওলকে গ্রেফতারের জন্য তার বাসভবনের সামনে তিন হাজারের বেশি পুলিশ মোতায়েন করা হয়। এসময় গ্রেফতার ঠেকাতে ভিড় করেন ইওলের সমর্থকরাও। তবে পুলিশের কঠোর প্রতিরোধের মুখে সমর্থকরা ছত্রভঙ্গ হয়ে গেলে বাসভবনে ঢুকে গ্রেফতার করা হয় ইওলকে।
গত ৩ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারি করেছিলেন ইউন। কিন্তু তীব্র প্রতিবাদ-প্রতিরোধের মুখে মাত্র ছয় ঘণ্টার মাথায় তিনি তা প্রত্যাহারে বাধ্য হন। স্বল্পস্থায়ী এই সামরিক আইন জারির জেরে গত ১৪ ডিসেম্বর ইউনকে দেশটির পার্লামেন্টে অভিশংসন করা হয়। প্রেসিডেন্টের দায়িত্ব থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
রাষ্ট্রদ্রোহ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে শুরু হয় ফৌজদারি তদন্ত। জিজ্ঞাসাবাদের জন্য তদন্তকারীদের তলবে হাজির হতে ইউন অস্বীকৃতি জানান। এর জেরে গত ৩১ ডিসেম্বর ইউনের বিরুদ্ধে গ্রেফতার পরোয়ানা জারি করেন দক্ষিণ কোরিয়ার একটি আদালত।
বিএম/জ/রা



