ডেস্ক রিপোর্ট: বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে টিসিবির পরিবার কার্ড বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠে।
গত আগস্টে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এ অনিয়ম খতিয়ে দেখার সিদ্ধান্ত নেয়।
নানা যাচাই–বাছাই শেষে এক কোটির মধ্য থেকে ৪৩ লাখ কার্ড বাদ দেওয়া হয়।
এদিকে টিসিবির পরিবার কার্ড না থাকলেও মানুষ ভর্তুকি মূল্যে ট্রাকে টিসিবি পণ্য কেনার সুযোগ পেতেন।
মাত্র দুই মাস সাত দিন চলার পরে এ কর্মসূচি বন্ধ করে দিয়েছে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
অন্যদিকে গত অক্টোবরে ট্রাকে করে ভর্তুকি মূল্যে কৃষিপণ্য বিক্রির কর্মসূচি হাতে নিয়েছিল কৃষি বিপণন অধিদপ্তর। এটিও সম্প্রতি বন্ধ করে দেওয়া হয়েছে।
বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্টের (র্যাপিড) চেয়ারম্যান এম এ রাজ্জাক বলেন, ট্রাক সেল কর্মসূচি বন্ধ করা উচিত হয়নি।
বাতিল হওয়া টিসিবির ৪৩ লাখ পরিবার কার্ডের সমপরিমাণ পণ্য আপাতত ওএমএস বা ট্রাক সেলের মাধ্যমে বাজারে বিক্রি করা যেত, তাতে সাধারণ মানুষ স্বস্তি পেতেন বলেও পরামর্শ দেন এই চেয়ারম্যান।
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, টিসিবির কার্ড বাতিল ও ট্রাকে পণ্য বিক্রি বন্ধ আমরা বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। তবে ট্রাক সেল বিক্রির কার্যক্রমটি পুনর্বিবেচনা করা হবে।
প্রসঙ্গত : পরিবার কার্ডের মাধ্যমে একজন ক্রেতা মাসে সর্বোচ্চ দুই লিটার ভোজ্যতেল, দুই কেজি মসুর ডাল, এক কেজি চিনি ও পাঁচ কেজি চাল কিনতে পারেন।
বিএম /জ/রা



