নিজস্ব প্রতিবেদক: তৃণমূল পর্যায়ের মানুষের ক্ষমতায়ন ও উদ্যোক্তা তৈরিতে সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। বাহিনীর সক্ষমতা বৃদ্ধির অংশ হিসাবে সমাজে অন্তর্ভুক্তিমুলক কার্যক্রমের ধারায় দেশব্যাপী ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সদস্যদের অংশগ্রহনে গ্রামভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে । প্রশিক্ষণের মাধ্যমে নৃ-গোষ্ঠী তরুন-তরুণীদের স্বাবলম্বী ও উদ্যোক্তা তৈরিতে সর্বাত্মক সহায়তা করতে যাচ্ছে বাহিনী।
গতকাল ৯ জানুয়ারি প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট রেঞ্জের বাহিনীর উপ-মহাপরিচালক সহ জেলা কমান্ড্যান্টগণ।
এর আগে দেশের চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, রংপুর, দিনাজপুর, বান্দরবান ও মৌলভীবাজার এই ৭টি জেলার ১৩টি উপজেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠী সাঁওতাল, মুরুং ও মনিপুরী সম্প্রদায়ের ৭৬০ জনকে গত বছরের ২৯ ডিসেম্বর থেকে চলতি বছরের ৯ জানুয়ারি পর্যন্ত প্রশিক্ষণ দেয়া হয়।

সমাপনী অনুষ্ঠানে বক্তরা বলেন, পিছিয়ে পড়া এই জনগোষ্ঠীকে উদ্যোক্তা ও দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করার প্রত্যয়ে দেশব্যাপী চলমান এই প্রশিক্ষণে পূর্বের তুলনায় আরো বেশি সংস্কারমুখী কার্যক্রম নেওয়া হয়েছে। ১০ দিন ব্যাপী চলমান এই প্রশিক্ষণে একজন সদস্যকে দক্ষ ও আত্মনির্ভরশীল করে গড়ে তোলার লক্ষ্যে সকল বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা এবং নতুন সিলেবাস ও যুগোপযোগী নীতিমালার আওতায় এবারের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। যাতে বাহিনীর সামাজিক উন্নয়নের সকল পদক্ষেপের সুফল হতে কোন জনগোষ্ঠী বাদ না পড়ে।
তারা আরো বলেন, পর্যায়ক্রমে দেশের অন্যান্য জেলা ও উপজেলা পর্যায়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যদের এই প্রশিক্ষণের আওতায় নিয়ে আসা হবে। প্রশিক্ষণের আওতাধীন সদস্যদের পরবর্তীতে ব্যক্তিগত পর্যায়ে স্বাবলম্বী করে তোলার জন্য নানামুখী কার্যক্রম গ্রহণ করা হবে।

প্রশিক্ষণপ্রাপ্ত ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যবৃন্দ এখন থেকে বাহিনীর অন্যান্য প্রশিক্ষণ যেমন বিটাকের সাথে কর্মমূখী প্রশিক্ষণ, বাহিনীর ট্রেড ভিত্তিক প্রশিক্ষণসহ বিভিন্ন নিরাপত্তামূলক মোতায়েনে পাবেন অগ্রাধিকার।



