ডেস্ক রির্পোট: চেন্নাইয়ে দেওয়া বোলিং অ্যাকশন পরীক্ষায়ও সাকিব আল হাসান ব্যর্থ হয়েছেন । অনানুষ্ঠানিকভাবে সেই পরীক্ষার ফলাফল জেনেছে বিসিবি। তার ভিত্তিতে সিলেটে কাল গাজী আশরাফ হোসেন বিষয়টিকে বলেছেন ‘শকিং’। তবে কাল রাত পর্যন্ত লিখিতভাবে ফলাফল না জানতে পারায় বিসিবি বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে পারছে না।
আইসিসির অবৈধ বোলিং অ্যাকশনের নিয়ম অনুযায়ী,পরপর দুটি পরীক্ষায় অ্যাকশন ত্রুটিযুক্ত প্রমাণিত হলে সংশ্লিষ্ট বোলারের পরের এক বছর কোনো পর্যায়ের ক্রিকেটেই আর বোলিং করতে পারার কথা নয়।
সে ক্ষেত্রে সাকিব যদি সত্যি সত্যি চেন্নাইয়েও ফেল করে থাকেন, এখন থেকে পরের এক বছর যেকোনো পর্যায়ের ক্রিকেটে বোলিং নিষেধাজ্ঞায় থাকবেন তিনি।
তবে বিসিবি সংশ্লিষ্ট একটি সূত্র এই নিয়মের একটু অন্য রকম ব্যাখ্যাই দিয়েছে। তা হলো, সাকিব আপাতত বোলিং করতে পারবেন না, তবে বোলিং অ্যাকশন ত্রুটিমুক্ত করতে কাজ চালিয়ে যেতে পারবেন। তাতে যে মুহূর্তে তাঁর মনে হবে অ্যাকশনে আর সমস্যা নেই, তিনি তখন আইসিসি অনুমোদিত কোনো সেন্টারে অ্যাকশনের পরীক্ষা দিতে পারবেন। কিন্তু তাতেও যদি অ্যাকশনে ত্রুটি ধরা পড়ে, তাহলে পরের এক বছর বোলিং তো নয়ই, ওই সময়ের মধ্যে অ্যাকশন শোধরানোর পরীক্ষাও আর দিতে পারবেন না।
এদিকে একটি সূত্র এমনও জানিয়েছে, গত ২১ ডিসেম্বর চেন্নাইয়ের পরীক্ষায় আসা নেতিবাচক ফলটিতে ‘টেকনিক্যাল এরর’ বা কারিগরি ত্রুটি থেকে থাকতে পারে বলে তাঁরা শুনেছেন। সে ক্ষেত্রে এই পরীক্ষার ফলাফল ধর্তব্যের মধ্যে আনা হবে না। সাকিব ‘দ্বিতীয়’ পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন আবারও।
এ ব্যাপারে কাল রাতে বিসিবির একজন দায়িত্বশীল কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা আন–অফিশিয়ালি শুনেছি যে সে চেন্নাইয়েও অ্যাকশনের পরীক্ষায় ফেল করেছে। কিন্তু আনুষ্ঠানিকভাবে রিপোর্ট হাতে পাওয়ার আগপর্যন্ত এ ব্যাপারে পরিষ্কার কিছু বলা সম্ভব নয়।’
এর আগে গতকাল শোনা গিয়েছিল ২১ ডিসেম্বরের পরীক্ষার ফলাফল নেতিবাচক আসায় চেন্নাইয়ে এরই মধ্যে আরেকবার পরীক্ষা দিয়েছেন সাকিব। যদিও এই তথ্য কেউ নিশ্চিত করতে পারেননি। বরং জানা গেছে, গত চার দিন সাকিব যুক্তরাষ্ট্রেই আছেন।
বিএম/জ/রা



