নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর জেনেভা ক্যাম্পের আলোচিত সন্ত্রাসী ও মাদক কারবারি চুয়া সেলিম গ্রুপের প্রধান মো. সেলিম আশরাফী ওরফে চুয়া সেলিম (৪৪)কে গ্রেফতার করেছে র্যাব-২ এর একটি দল। বুধবার দিবাগত গভীররাতে মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সেলিমের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক হত্যা মামলা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ বিভিন্ন আইনে ৩৫ টি মামলা রয়েছে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পুলিশ সুপার খান আসিফ তপু।
পুলিশ জানায়, দীর্ঘ দিন ধরে রাজধানীর জেনেভা ক্যাম্পে অস্থিরতা বিরাজ করে আসছিল। মাদক ও অস্ত্র ব্যবসাকে কেন্দ্র করে বিরাজমান অস্থিরতার এক পক্ষের নেতৃত্ব দিয়ে আসছিল জেনেভা ক্যাম্পের মাদক সিন্ডিকেটের মূল হোতা চুয়া সেলিম।
এছাড়া জেনেভা ক্যাম্প ও পার্শবর্তী এলাকাসমুহের মাদক ব্যবসা, ছিনতাই, খুন, মারামারিসহ বিভিন্ন অপরাধের প্রধান নিয়ন্ত্রক ও পৃষ্ঠপোষক এই চুয়া সেলিম। জেনেভা ক্যাম্পের আইনশৃঙ্খলা উন্নত করতে এবং সেলিম’কে গ্রেপ্তার করতে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে র্যাব-২। অবশেষে গতরাতে তাকে গ্রেফতার করা হয় বলেও জানায় পুলিশ।



