ডেস্ক রিপোর্টঃ আগামী ১৫ জানুয়ারি থেকে ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হচ্ছে টেক্সটাইল খাতের দুটি বৃহৎ আন্তর্জাতিক প্রদর্শনী। চার দিনব্যাপী এই আয়োজনের মধ্যে রয়েছে ২৩তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো ২০২৫–এর শীতকালীন প্রদর্শনী এবং ৭ম ঢাকা ইন্টারন্যাশনাল ডেনিম শো।
সেমস-গ্লোবাল ইউএসএ এবং চীনের সিসিপিআইটি টেক্স যৌথভাবে প্রদর্শনী দুটি আয়োজন করছে। আজ ঢাকায় এক সংবাদ সম্মেলনে সেমস-গ্লোবাল ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট অ্যান্ড গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন ইসলাম জানিয়েছেন, প্রদর্শনীতে অংশগ্রহণকারী ৩২৫টি কোম্পানি ১৫টির বেশি দেশ থেকে আসবে। এখানে ৬৫০টিরও বেশি বুথ থাকবে, যেখানে ক্রেতা ও সরবরাহকারীরা সরাসরি যোগাযোগের মাধ্যমে ব্যবসার প্রসার ঘটাতে পারবেন।
তিনি আরও জানান, এ আয়োজনের মাধ্যমে সেমস-গ্লোবাল এবং সিসিপিআইটি টেক্সের যৌথ প্রচেষ্টার অষ্টম বর্ষ পূর্তি হবে। এই প্রদর্শনী বাংলাদেশের টেক্সটাইল শিল্পের উন্নয়ন ও রপ্তানি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
চীনের বেইজিং থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে সিসিপিআইটি টেক্সের ডেপুটি সেক্রেটারি জেনারেল চেন বো বলেন, এ ধরনের উদ্যোগ টেক্সটাইল শিল্পে আন্তর্জাতিক সম্পর্ককে আরও দৃঢ় করবে।
প্রদর্শনী প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে। পাশাপাশি তিনটি আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হবে, যা শিল্প খাতের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবে।
বি/এম সজীব



