― Advertisement ―

আলেপ্পো থেকে হামা শহরের দিকে অগ্রসর হচ্ছে বিদ্রোহীরা, আসাদ সরকারের হুঁশিয়ারি

সিরিয়ায় বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বাহিনীর বিরুদ্ধে শক্তিশালী আক্রমণ চালিয়েছে। বিদ্রোহীরা সরকারি নিয়ন্ত্রণে থাকা অর্ধশতাধিক শহর ও গ্রাম দখল করার পর বর্তমানে সিরিয়ার ঐতিহাসিক আলেপ্পো শহরের পশ্চিমাঞ্চলও তাদের নিয়ন্ত্রণে চলে এসেছে। এখন তারা হামা শহরের দিকে অগ্রসর হচ্ছে, যা সরকার বাহিনীর জন্য নতুন এক চ্যালেঞ্জ তৈরি করেছে।

সিরিয়ার সেনাবাহিনী হামলাকারীদের হাত থেকে শহর রক্ষা করার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং এ পরিস্থিতিতে উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বিদ্রোহীদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দেশের উত্তরাঞ্চলে বিদ্রোহীরা যতই তীব্র সন্ত্রাসী হামলা চালাক না কেন, তাদের পরাজিত করা হবে।

শুক্রবার, বিদ্রোহী গোষ্ঠী আলেপ্পো শহরে প্রবেশ করতে সক্ষম হয়, যা ২০১৬ সাল থেকে সিরিয়ার সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে ছিল। সিরিয়ার সরকারি বাহিনী জানিয়েছে, বিদ্রোহীরা হাজার হাজার বিদেশি সন্ত্রাসী, ভারী অস্ত্র এবং ড্রোন ব্যবহার করে হামলা চালিয়েছে। এতে বেশ কয়েকজন সিরীয় সেনা নিহত হয়েছেন। তবে সরকারী বাহিনী দাবি করেছে, তারা আলেপ্পো শহরের ক্ষতি ঠেকাতে সক্ষম হয়েছে এবং এখন পাল্টা আক্রমণের প্রস্তুতি নিচ্ছে।

এই সংঘাত সিরিয়ায় দীর্ঘস্থায়ী শান্তি চুক্তি ভঙ্গের নির্দেশক, কারণ এটি ২০২০ সালে রাশিয়া এবং তুরস্কের মধ্যে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন।