বরিশাল মেইল ডেস্ক
জাতীয় দলের অধিনায়ক, সাম্প্রতিক সময়ে জনপ্রিয় ফুটবলারদের মধ্যে অন্যতম। অথচ সেই জামাল ভুঁইয়া বাংলাদেশের ক্লাব পর্যায়ে শীর্ষ ফুটবল টুর্নামেন্ট প্রিমিয়ার লীগে দলই পেলেন না। আবাহনী ক্লাব লিমিটেডের সঙ্গে আলোচনা চললেও শেষ পর্যন্ত তাকে দলে ভেড়ায়নি দলটি।
গতকাল শেষ হয় প্রথম ধাপের দলবদল। ১০ দলের কেউই জামালকে সাইন করায়নি। জাতীয় দলের অধিনায়ক তাতে হারালেন ঘরের মাঠে নিজেকে প্রমাণের সুযোগ। গত মৌসুমের শুরু দিকে আর্জেন্টিনা তৃতীয় বিভাগের ক্লাব সোল ডি মায়োতে সাইন করে হইচই ফেলে দিয়েছিলেন জামাল। এর আগে খেলেছেন ভারতের আই লীগের ক্লাব কলকাতা মোহামেডানে। তবে কোনো জায়গাতেই খুব বেশি সুবিধে করতে পারেননি।
আর্জেন্টিনার সংক্ষিপ্ত সফর শেষে দেশে ফিরে গত মৌসুমে মধ্যবর্তী দলবদলে ঢাকা আবাহনীতে যোগ দিয়েছিলেন জামাল। তবে খুব বেশি খেলার সুযোগ মেলেনি। ধারণা করা হচ্ছে অফ ফর্ম আর চড়া অঙ্ক দাবি করায় তার প্রতি আগ্রহ হারিয়েছে ক্লাবগুলো।



