বরিশাল মেইল ডেস্ক
গণ আন্দোলনে দীর্ঘ সময়ে থাকা ক্ষমতার পালাবদল ঘটার হাওয়া লেগেছে দেশের সিংহভাগ রপ্তানি আয়ের উৎস তৈরি পোশাক খাতের উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকরক সমিতি- বিজিএমইএতে।
চলমান পরিস্থিতিতে বর্তমান নেতৃত্ব সঠিকভাবে দায়িত্ব পালন করেছেন না দাবি করে উদ্যোক্তাদের একাংশ বিজিএমএই বোর্ডের সংস্কার ও সঠিক ভোটার তালিকায় নির্বাচন চেয়েছেন।
তাদের মধ্যে রয়েছেন বিজিএমইএর সবশেষ নির্বাচনে হেরে যাওয়া ‘ফোরাম’ প্যানেলের নেতা ফয়সাল সামাদ। তিনি আগের কমিটির পরিচালক ও একবার সহ-সভাপতির দায়িত্বও পালন করেছেন।
বুধবার এই অংশের শ’খানেক উদ্যোক্তা রাজধানীর উত্তরায় বিজিএমইএ কার্যালয়ে যান। তারা সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি খন্দকার রফিকুল ইসলামের সঙ্গে বৈঠক করেন।
বৈঠকের বিষয়ে সুরমা গার্মেন্টসের পরিচালক ফয়সাল সামাদ বিডিনিউজ টোয়েডন্টিফোর ডটকমকে বলেন, “গত ১৮ দিনের মত হলো উদ্ভুত পরিস্থিতিতে বিজিএমইএর কোনো তৎপরতা নেই। উদ্যোক্তারা আমাদের কাছে আসছেন। তাই এই বোর্ডের সংস্কার আমরা চাই।
“আমরা একশোর মত উদ্যোক্তা গিয়েছি আজ। বোর্ডের কাছে একটি স্মারকলিপি দিয়েছি। আমরা দাবি করেছি, গত নির্বাচন নিয়ন্ত্রিত পরিবেশে হয়েছে। আমরা এখন সঠিক ভোটার তালিকায় নতুন নির্বাচন চাই।’’
ভেতরে বৈঠক চলার সময়ে বাইরে ব্যানার নিয়ে বিক্ষোভ করেন অনেকে।
চলতি বছরের মার্চে অনুষ্ঠিত বিজিএমইএ নির্বাচনে ২০২৪-২০২৬ মেয়াদের জন্য ‘সম্মিলিত পরিষদ’ এর প্যানেল বিজয়ী হয়।



