ডেস্ক রিপোর্ট:
মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জুলাই-আগস্ট অভ্যুত্থানে সংগঠিত গণহত্যা অভিযোগে হওয়া মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
আজ রবিবার (১ জুন) দুপুরের পর ট্রাইব্যুনালে দাখিল করা অভিযোগ আমলে নিয়ে এই আদেশ দেন বিচারক। বাংলাদেশে এই প্রথমবারের মতো রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে বিচারকাজটি সরাসরি সম্প্রচার করা হয়।
মামলায় শেখ হাসিনাকে নির্দেশদাতা উল্লেখ করে আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগপত্র দাখিল করে প্রসিকিউশন। চৌধুরী আবদুল্লাহ কারাগারে থাকলেও শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল পলাতক রয়েছেন।



