শহীদ ওসমান বিন হাদি’র খুনিদের বিচারের দাবিতে আজ শুক্রবার জুমার নামাজের পর দেশব্যাপী বিক্ষোভের ডাক দিয়েছে ইনকিলাব মঞ্চ। গতকার বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে ইনকিলাব মঞ্চ এবং শহীদ ওসমান হাদির অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
পোস্টে লেখা হয়, ভারতীয় আধিপত্যবাদবিরোধী আন্দোলনের অগ্রসেনানী ও ‘ইনসাফের বাংলাদেশ’ গড়ার রূপকার শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে এবং তার রুহের মাগফেরাত কামনায় শুক্রবার জুমার নামাজের পর সারা দেশে দোয়া-মোনাজাত ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, গত ১২ ডিসেম্বর জুমার নামাজের পর নির্বাচনী গণসংযোগ থেকে ফেরার পথে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় চলন্ত রিকশায় থাকা অবস্থায় সন্ত্রাসীরা ওসমান হাদিকে গুলি করে। পরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় হাদির মৃত্যু হয়।



