― Advertisement ―

সীমান্তের গ্রাম থেকে পালাচ্ছে মানুষ

ডেস্ক রিপোর্ট:
ভারত ও পাকিস্তান সীমান্তের দুইপাড়ের গ্রামগুলো থেকে পালাচ্ছে মানুষ। নিরাপদ স্থানের খোঁজে গতকাল থেকেই ঘর ছাড়তে শুরু করেছেন গ্রামবাসী। এই দৃশ্য দেখা যাচ্ছে ভারতের পাঞ্জাব রাজ্যের সীমান্তবর্তী গ্রামগুলোতে। এসব এলাকার মানুষ তাদের জিনিসপত্র ট্রাক ও ট্রলিতে ভরে আত্মীয়দের বাড়ি বা নিরাপদ দূরের গ্রামগুলোতে চলে যাচ্ছেন।

এদিকে ভারতের হামলার পর নিরাপদ স্থানে নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছেন পাকিস্তানের নিয়ন্ত্রণ রেখার আশপাশের অনেক বাসিন্দা। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের সুচেতগড় ও জেওরা ফার্ম গ্রাম থেকে বেশ কয়েকটি পরিবার গাড়ি ও অস্থায়ী ট্রেলারে করে অন্যত্র সরে গেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির সঙ্গে কথা বলেছে কিছু সরে যাওয়া পরিবার। তারা জানান, পরিবারকে বাঁচাতে তারা নিরাপদ দূরের গ্রামে যাচ্ছেন। তবে অনেক পরিবারেই একজন বা দুজন সদস্য বাড়িঘর ও জমিজমার দেখভালের জন্য রেখে যাচ্ছেন।

পাকিস্তানের ফিরোজপুর জেলার হুসেনিওয়ালা সীমান্তের কাছে প্রায় ১২ থেকে ১৪টি গ্রাম রয়েছে যা সরাসরি ভারত-পাকিস্তান সীমান্তের সাথে সংযুক্ত।

ভারতের ঝুগে হাজারা সিং গ্রামের জিৎ সিং বলেন, এখানে ভয়ের পরিবেশ রয়েছে। মানুষ তাদের আত্মীয়দের বাড়িতে চলে যাচ্ছে। মঙ্গলবার রাতে পাকিস্তানে হামলা চালায় ভারত। জবাবে পাকিস্তানও ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে হামলা চালায়।

সূত্র: বিবিসি