ডেস্ক রিপোর্টঃ দ্বাদশ সংসদের মেয়াদ শেষ হওয়ার পর শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা ২৪টি বিলাসবহুল টয়োটা ল্যান্ড ক্রুজার গাড়ি নিলামে তুলছে চট্টগ্রাম কাস্টমস। নিলামপ্রক্রিয়া শুরু হবে আগামী রোববার এবং শেষ হবে ১৬ ফেব্রুয়ারি। এই নিলামে গাড়ি বিক্রি করে সরকারের প্রায় ১৭৫ কোটি টাকা রাজস্ব আয়ের প্রত্যাশা করা হচ্ছে।
সাবেক সংসদ সদস্যরা গাড়িগুলোর আমদানিমূল্য হিসেবে প্রায় ২৩ কোটি টাকা পরিশোধ করলেও শুল্ক-কর পরিশোধে অপারগতার কারণে এগুলো খালাস নিতে পারেননি। প্রতিটি গাড়ির সংরক্ষিত মূল্য শুল্কসহ ৯ কোটি ৬৭ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। নিলামে অংশগ্রহণকারী সর্বোচ্চ দরদাতারা ৬০ শতাংশ বা তার বেশি মূল্য পরিশোধে গাড়ি কেনার সুযোগ পাবেন।
এছাড়া কাস্টমস সূত্র জানায়, ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত সংসদ সদস্যরা প্রায় ৫৭৬টি গাড়ি শুল্কমুক্ত সুবিধায় আমদানি করেছেন, যার মাধ্যমে সরকার সাড়ে ৩ হাজার কোটি টাকার বেশি শুল্ক ছাড় দিয়েছে। এ প্রেক্ষাপটে বিশেষজ্ঞরা বিলাসবহুল গাড়ির ক্ষেত্রে শুল্কমুক্ত সুবিধা পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন।
বিএম/সজীব



