অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের গুরুত্বপূর্ণ পদে রদবদল আভাস পাওয়া যাচ্ছে। এছাড়া পুলিশের উচ্চ পদেও রদবদলের সিদ্ধান্ত হয়েছে বলে জানা যাচ্ছে।
সূত্র বলছে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ড এবং এর জেরে সংগঠিত অরাজগতার ফলে এই সিদ্ধান্ত নিচ্ছে সরকার।
প্রথমত আইনশৃঙ্খলার চরম অবনতিতে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের দাবির মুখে স্বরাষ্ট্র উপদেষ্টার পদে পরিবর্তন আনা হচ্ছে বলে সূত্রের দাবি।
আজ মঙ্গলবারই এই পরিবর্তন আনা হচ্ছে বলে গতকাল রাতে সরকারের নির্ভরযোগ্য একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে ।
সূত্র জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে পরিবর্তন আসতে পারে। বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জে. অব. জাহাঙ্গীর আলম চৌধুরীর স্থলে বর্তমান নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানকে দায়িত্ব দেওয়া হতে পারে।
তবে জাহাঙ্গীর আলম চৌধুরী স্বরাষ্ট্রের বদলে কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন বলে জানা যাচ্ছে।
এর বাইরে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখশ চৌধুরীকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হতে পারে বলে আলোচনা রয়েছে।
এদিকে হাদী হত্যাকান্ড এবং এই হত্যার জেরে প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট ও উদীচী শিল্পীগোষ্ঠীর কার্যালয়ে হামলা- অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
এছাড়া ময়মনসিংহে দীপু হত্যাসহ সম্প্রতি কিছু ঘটনা ঠেকাতে ব্যর্থতায় পুলিশের সমালোচনা চলছে দেশজুড়ে।
কোনো কোনো ঘটনায় পুলিশের নির্লিপ্ততার অভিযোগও উঠেছে। এই পরিস্থিতিতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনারদের পরিবর্তনসহ পুলিশের শীর্ষস্থানীয় কিছু পদে রদবদল হচ্ছে বলে শোনা যাচ্ছে।
এছাড়া নির্বাচন পরিস্থিতি সামনে রেখে পুলিশের শীর্ষ পদে পরিবর্তন আনা হচ্ছে। সংস্থাটির উচ্চ পর্যায়ে বড় ধরনের রদবদলের সরকারি সিদ্ধান্তের বিষয়ে আজই বিস্তারিত জানা যাবে।



