নিজস্ব প্রতিবেদক
শহীদ মিনারে অবস্থান কর্মসূচি শেষে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা বেতন-ভাতা বৃদ্ধির দাবিত সচিবালয় অভিমুখে পদযাত্রা শুরু করলে তা শিক্ষাভবন মোড়ে ব্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিশ।
এ অবস্থায় শিক্ষাভবন মোড়ে অবস্থান নিয়েছেন আন্দোলনকারী শিক্ষক-কর্মচারীরা। দাবি আদায়ের পক্ষে সেখানেই নানান স্লোগান দিচ্ছেন তারা।
এর আগে, দাবি মেনে প্রজ্ঞাপন জারির জন্য সরকারকে বিকেল চারটা পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন তারা। কিন্তু ওই সময়ের মধ্যে সরকার দাবি মেনে না নেওয়ায় পূর্বঘোষণা অনুযায়ী সচিবালয় অভিমুখে পদযাত্রা শুরু করেন আন্দোলনকারীরা।
পদযাত্রাটি দোয়েল চত্বর হয়ে শিক্ষাভবন মোড়ে যাওয়ার আগেই সেখানে অবস্থান নিয়ে থাকা পুলিশ সদস্যরা ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়।
বাড়িভাড়া, চিকিৎসা ও উৎসব ভাতা বৃদ্ধির দাবিতে গত রোববার রাজধানীতে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনের সড়ক অবরোধ করে অবস্থান নিলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ওপর লাঠিপেটা, সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপ করেছিল পুলিশ।



