আন্তর্জাতিক ডেস্ক
আর্থিক অপরাধ ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চীনের কমিউনিস্ট পার্টি নয় জন শীর্ষ জেনারেলকে বরখাস্ত করেছে। দেশটিতে কয়েক দশকের মধ্যে সামরিক বাহিনীতে অন্যতম বড় অভিযান এটি।
চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, মারাত্মক আর্থিক অপরাধ ও বাহিনীর শৃঙ্খলা ভঙ্গের জন্য ওই নয় জন সন্দেহের তালিকায় ছিলেন। তাদের বেশিরভাগই তিন তারকা জেনারেল এবং পার্টির সিদ্ধান্ত নেওয়ার ফোরাম- কেন্দ্রীয় কমিটির অংশ।
বিবৃতিতে এই বরখাস্তকে দুর্নীতি বিরোধী অভিযানের অংশ হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক শুদ্ধিকরণের অংশ হিসেবেও এটি হতে পারে।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, এই নয় ব্যক্তি ‘দলের শৃঙ্খলার মারাত্মক লঙ্ঘন করেছে এবং দায়িত্ব সংশ্লিষ্ট মারাত্মক অপরাধের দায়ে সন্দেহভাজন”।
বিবৃতিতে আরো বলা হয়, এই শাস্তি চীনের সামরিক বাহিনীর দুর্নীতিবিরোধী অভিযানে একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে বিবেচিত হবে। এর আগেও চীন সীমিত পরিসরে সামরিক শুদ্ধি অভিযান চালিয়েছে।
এর মধ্যে দুই সাবেক প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেংঘে ও লি শাংফুওর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল। সম্প্রতি রকেট ফোর্সের শীর্ষ কর্মকর্তারাও একইভাবে সরিয়ে দেওয়া হয়।



