লিবিয়ায় অবস্থানরত আরও ৩৪৫ জন বাংলাদেশি নাগরিককে আজ দেশে ফিরিয়ে আনা হয়েছে। সকাল সাড়ে নয়টা এবং সাড়ে দশটায় বুরাক এয়ারের দুটি চার্টার্ড ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান।
লিবিয়াস্থ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সমন্বয়ে এবং লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহযোগিতায় এই প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন হয়।
ফেরত আসা বাংলাদেশিদের অধিকাংশই মানবপাচারকারীদের প্রলোভন ও সহায়তায় সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে লিবিয়ায় প্রবেশ করেছিলেন বলে জানা গেছে। তাদের অনেকেই সেখানে অবস্থানকালে বিভিন্ন সময় অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রত্যাবাসিতদের অভ্যর্থনা জানান। এ সময় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তাদের দুর্বিষহ অভিজ্ঞতা অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়ার আহ্বান জানানো হয়। আইওএম-এর পক্ষ থেকে প্রত্যাবাসিত প্রত্যেককে যাতায়াত ব্যয়, কিছু খাদ্যসামগ্রী এবং প্রাথমিক চিকিৎসা সহায়তা প্রদান করা হয়।
এদিকে, লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশি নাগরিকদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়াস্থ বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা যৌথভাবে কাজ করে যাচ্ছে।



