মনপুরা (ভোলা) প্রতিনিধি :
ভোলার মনপুরায় মেঘনা নদীতে মাছ ধরতে এক জেলে নিখোঁজ হয়েছেন। জালের রসিতে পেঁচিয়ে নৌকা থেকে নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হন তিনি। নিখোঁজের ১৭ ঘন্টা পেড়িয়ে গেলেও এখনও তাঁকে উদ্ধার করা যায়নি।
গতকাল মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেল ৪ টার দিকে উপজেলার হাজিরহাট ঘাট সংলগ্ন মেঘনায় এই ঘটনা ঘটে। পরে খবর পেয়ে সন্ধ্যায় কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের কর্মীরা ৪ ঘন্টাব্যাপি উদ্ধার অভিযান পরিচালনা করেও নিখোঁজ জেলেকে উদ্ধার করতে পারেনি।
তবে আজ বুধবার বরিশাল থেকে ডুবুরীদল এসে ফের মেঘনায় নিখোঁজ জেলেকে উদ্ধার অভিযান পরিচালনা করবেন বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাঠান মোঃ সাইদুজ্জামান।
নিখোঁজ জেলের নাম মো. মোস্তফা (৪৫)। তিনি উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরযতিন গ্রামের বাসিন্দা মোজাম্মল হকের ছেলে।
জানা যায়, মঙ্গলবার বিকেলে উপজেলার হাজিরহাট ঘাট সংলগ্ন মেঘনা নদীতে নৌকা নিয়ে যান মোস্তফা মাঝি। এই সময় বেহুন্দি জাল ফেলার সময় জালের রসি (বট) পেঁচিয়ে নদীতে পড়ে যান তিনি। তখন থেকে ১৭ ঘন্টা ধরে নিখোঁজ রয়েছেন ওই জেলে।
এই ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা পাঠান মো. সাইদুজ্জামান জানান, নিখোঁজ জেলেকে উদ্ধারে বরিশাল থেকে ডুবুরী দলকে খবর দেওয়া হয়েছে। বুধবার ডুবুরী দলের সহযোগিতায় ফের উদ্ধার অভিযান শুরু হবে।



