মধ্য মেক্সিকোতে জরুরি অবতরণের চেষ্টাকালে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ৭ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
মেক্সিকো স্টেট সিভিল প্রোটেকশন সমন্বয়ক আদ্রিয়ান হার্নান্দেজ জানান, সোমবার (১৫ ডিসেম্বর) বিমানটি দুর্ঘটনার শিকার হয় সান মাতেও আতেনকো এলাকায়। এটি একটি শিল্পাঞ্চল, যা রাজধানী মেক্সিকো সিটি থেকে প্রায় ৫০ কিলোমিটার পশ্চিমে এবং টোলুকা বিমানবন্দর থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে অবস্থিত।
বিমানটি প্রশান্ত মহাসাগরীয় উপকূলীয় শহর আকাপুলকো থেকে যাত্রা শুরু করেছিল। হার্নান্দেজ জানান, ব্যক্তিমালিকানাধীন জেটে ৮ জন যাত্রী ও ২ জন ক্রু ছিলেন। তবে দুর্ঘটনার কয়েক ঘণ্টা পর পর্যন্ত মাত্র ৭টি মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিমানটি একটি ফুটবল মাঠে নামার চেষ্টা করছিল, কিন্তু কাছাকাছি একটি প্রতিষ্ঠানের ধাতব ছাদে আঘাত হানে, এতে বিমানটিতে আগুন ধরে যায়।
সান মাতেও আতেনকোর মেয়র আনা মুনিজ মিলেনিও টেলিভিশন-কে জানান, আগুনের কারণে আশপাশের এলাকা থেকে প্রায় ১৩০ জনকে সরিয়ে নেওয়া হয়। দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে।



