ভোলা প্রতিনিধি
ভোলায় পুলিশের চাকরি নিতে এসে টিআরসি প্রাথমিক বাছাই পরীক্ষায় অসদুপায় অলম্বনের অভিযোগে মো. এমরান নামে এক পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ। এ সময় এমরানকে সহযোগিতার করার জন্য মো. তানজিন ও মো. তামিম নামে আরও দুই তরুণকে আটক করা হয়।
গত শনিবার (২ নভেম্বর) বিকেলে ভোলা পুলিশ লাইন্সে এ ঘটনা ঘটে। আটক পরীক্ষার্থী এমরান ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের নাগর হাওলাদারের ছেলে। এছাড়া তাকে সহযোগিতার অভিযোগে সিয়াম এবং তামিমকে আটক করা হয়েছে। তাদের বাড়ি ভোলা সদর উপজেলায়।
জানা যায়, পুলিশের কনস্টেবল (টিআরসি) পদে বাছাই পর্বের দ্বিতীয় দিনে অকৃতকার্য হওয়ায় এমরানকে সীল মেরে পুলিশ লাইন্স থেকে বের করে দেওয়া হয়। পরে এমরান পুলিশ লাইন্সের বাইরে গিয়ে অকৃতকার্য সিল উঠিয়ে অন্য আরেকটি কপি প্রিন্ট করে ফের পুলিশ লাইন্সে প্রবেশ করেন এবং বলেন, যে তিনি দৌড়ে অংশ নেননি তাকে যেন সুযোগ দেওয়া হয়। পুলিশ ওই পরীক্ষার্থীর কাগজপত্র যাচাই-বাছাই করার পর প্রমাণিত হয় তিনি ইতোমধ্যে অংশগ্রহণ করেছেন এবং তাকে বাদ দেওয়া হয়েছে। পরবর্তীতে অসদুপায় অবলম্বনের দায়ে তাকে পুলিশ লাইন্স মাঠ থেকে আটক করে ডিবি ও পুলিশের সাইবার ক্রাইম ইউনিট।
ভোলা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক পরীক্ষার্থী এমরান হোসেন টিআরসি নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের সময় তাকে আটক করা হয়েছে। এসময় তাকে সহযোগিতার প্রমাণ পাওয়ায় তার দুই সহযোগীকেও আটক করা হয়েছে। তাদের নামে গতকাল রবিবার মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।



