― Advertisement ―

কোটাবিরোধী আন্দোলন: সড়ক অবরোধ করে বিএম কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা পদ্ধতি বাতিলের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (৯...

বিনম্র শ্রদ্ধা-ভালোবাসায় বরিশালে বিজয় দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক: বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে বরিশালে পালিত হচ্ছে মহান বিজয় দিবস। এ উপলক্ষে রোববার মধ্যরাত থেকে সোমবার দিনভর নানা কর্মসূচি পালন করেছে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

পুলিশ লাইনসে সকাল ৬টা ৩৫ মিনিটে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের কর্মসূচি শুরু হয়। সকাল সাড়ে ৮টার দিকে বেলস পার্কে শিশু-কিশোরদের কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

বিজয় দিবস উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে মহানগর বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

নগরীর ত্রিশ গোডাউন বধ্যভূমি স্মৃতিস্তম্ভ অভিমুখে পদযাত্রা শেষে সেখানে বিভাগীয় প্রশাসন ও জেলা প্রশাসনসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান পুষ্পস্তবক অর্পণ করেন।

সকাল ৯ টায় নগরীর বেলস্ পার্কে বিভাগীয় কমিশনার মো. রায়হান কাওছার আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা শেষে বেলুন ফেস্টুন উড়িয়ে বিজয় মেলার শুভ উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার।

দুপুর ১২ টায় বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল মো. রায়হান কাওছার। সভাপতিত্ব করেন বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।

বিশেষ অতিথি ছিলেন বরিশাল রেঞ্জ ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম, পুলিশ সুপার বেলায়েত হোসেন, বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ ও এবায়েদুল হক চান প্রমুখ।

পরে শতাধিক বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও অর্থ সহায়তা প্রদান করা হয়। এছাড়া সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে নগরের কালেক্টরেট জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।

এছাড়া নগরীতে বিএনপির উদ্যোগে শোভযাত্রা বের হয়। পাশাপাশি বিভিন্ন সংগঠনের ব্যানারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এদিকে নগরীর বঙ্গবন্ধু উদ্যানে আয়োজন করা হয়েছে দিনব্যাপী বিজয় মেলা। বরিশাল রিপোর্টার্স ইউনিটি (বিআিইউ) এর উদ্যোগে দিনব্যাপী মুক্তিযুদ্ধের তথ্য ও দলিলপত্র প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বরিশাল সদর আসনের সাবেক সাংসদ ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার, মুক্তিযুদ্ধকালীন ৯ নম্বর সেক্টরের কমান্ডার মেজর এম এ জলিলের স্বজন ডা. আজিজ রহিম, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিসুর রহমান খান সপন, সাবেক সভাপতি সুশান্ত ঘোষ, সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ মেডিক্যাল শিক্ষার্থী শিমুল আক্তার প্রমুখ।

এসময় বীর মুক্তিযোদ্ধাসহ বরিশাল রিপোর্টার্স ইউনিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। প্রদর্শনীতে মুক্তিযুদ্ধের বই-পত্র ছাড়াও মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত নানা উপকরণ, চিঠি, ডায়েরি, নির্দেশনা সহ বহু দুর্লভ জিনিস প্রদর্শিত হয়।