গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বাসে থাকা আত্মীয়ের সাথে দীর্ঘ সময় কথা বলছিলেন চালক। এতে যাত্রীরা আপত্তি জানালে ক্ষিপ্ত হন তিনি। এক পর্যায়ে যাত্রীদের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। অতঃপর মেজাজ হারিয়ে বেপরোয়া গতিতে গাড়ি চালানো শুরু করলে প্রথমে সড়কে থাকা একটি যাত্রীবাহি ভ্যানে ধাক্কা দেয় বাসটি। এতে প্রাণ হারান এক ভ্যানযাত্রী। এরপর একে একে তিনটি দোকান ভেঙে বাসটি সড়কের পাশে খাদে পড়ে গিয়ে আরো কিছু মানুষ আহত হন।
ঘটনাটি ঘটে আজ শনিবার বেলা সোয়া এগারটার দিকে বরিশালে। ঢাকা-বরিশাল মহাসড়কের টরকী নিলখোলা এলাকায়।
নিহত ভ্যানযাত্রীর নাম মো. সাইদুল হাওলাদার (৩৭)। তিনি গৌরনদী উপজেলার ধানডোবা গ্রামের দেলোয়ার হাওলাদারের ছেলে।

দুর্ঘটনাকবলিত বাসটি শ্রাবনী পরিবহনের। ঢাকা থেকে বরগুনাগামী বাসটির যাত্রী ছিলেন সাথী আক্তার। তিনি অভিযোগ করে বলেন, অনেকক্ষণ যাবত বাসে থাকা আত্মীয়ের সাথে কথা বলছিলেন চালক। চলন্ত অবস্থায় চালককে এভাবে কথা বলতে দেখে বাঁধা প্রদান করেন যাত্রীরা। এ নিয়ে মহাসড়কের গৌরনদী আরিফ ফিলিং ষ্টেশন এলাকায় আসলে বাস থামিয়ে যাত্রীদের সাথে ক্ষীপ্ত হয়ে ঔদ্ধত্যপূর্ণ আচরন করেন বাস চালক। এ ঘটনার কিছুক্ষণ পরই নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের একটি ভ্যানকে ধাক্কা দিয়ে দোকান ভেঙ্গে বাস ডোবায় পড়ে যায়। আমি অল্পের জন্য রক্ষা পেলেও ভ্যান ও বাসের অনেকেই আহত হয়েছে।
গৌরনদী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মো. বিপুল হোসেন বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা বরগুনাগামী শ্রাবনী পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহি ভ্যানকে ধাক্কা দিয়ে দোকান ভেঙ্গে ডোবায় পড়ে যায়। এতে ভ্যানের চালক সহ ৫ যাত্রী ও বাসের এক শিশু আহত হয়। খবরপেয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভ্যান যাত্রী সাইদুল হাওলাদারকে মৃত বলে ঘোষণা করেন। এছাড়াও ভ্যানের চালক জাহিদ বিশ্বাসকে গুরুত্বর অবস্থায় শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
গৌরনদী হাইওয়ে থানার ওসি মোঃ আমিনুর রহমান জানান, দূর্ঘটনা কবলিত বাসটি জব্দ করা হয়েছে। এঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।



