বিশেষ প্রতিনিধি:
কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিতসহ ১১ দফা দাবিতে বরিশালে মানববন্ধন হয়েছে। আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে কৃষক ঐক্য পরিষদ বরিশাল জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন হয়।
এসময় বক্তারা, আলুর কোল্ড স্টোরেজের ভাড়া বৃদ্ধির প্রতিবাদ জানান। পাশাপাশি পেঁয়াজ ও আলুর কমিশন গঠনের লক্ষ্যে কৃষকদের প্রতিনিধিত্বের জন্য সংসদে ও জাতীয় কমিটিগুলোতে শতকরা ১০ ভাগ সদস্য অন্তর্ভূক্তির দাবি জানান।
কৃষক ঐক্য পরিষদ, বাংলাদেশ বরিশাল জেলার আহ্বায়ক এস এম জাকির হোসেনের সভাপতিত্বে বক্তৃতা দেন, সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব সুলতান হোসেন, সদস্য সচিব ওমর ফারুক, কৃষিবিদ ড. চিত্ত রঞ্জন সরকার।
বক্তারা বলেন, কৃষকরা মাথার ঘাম পায়ে ফেলে ফসল উৎপাদন করেও বাজারে ন্যায্য মূল্য পাচ্ছেন না। কৃষকদের এ অবিরাম ক্ষতি ঠেকাতে সরকারকে অবিলম্বে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে। দেশের সংসদ ও জাতীয় কমিটিতে কৃষকদের প্রতিনিধি রাখতে হবে। এর মাধ্যমে কৃষকরা তাদের অধিকার আদায় করবে বলে জানান বক্তারা।



