― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

বরিশালে ডেঙ্গু পরিস্থিতির অবনতি, হটস্পট বরগুনা

বিশেষ প্রতিনিধি :

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বরিশালে এ করিম (৫০) ও ইউসুফ খন্দকার (৭০) নামে দুই ব্যক্তি মারা গেছেন। শুক্রবার (২৭ জুন) সকাল ৮টার আগের ২৪ ঘণ্টায় তারা সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১০৫ জন। বরিশালের ছয় জেলার মধ্যে ডেঙ্গুর হটস্পট বরগুনায় আক্রান্ত ও মৃত্যু সংখ্যা বেশি। চলতি বছর বিভাগ জুড়ে মোট আক্রান্ত ৪ হাজার ৩০৫ জনের মধ্যে বরগুনার বাসিন্দাই ২ হাজার ৬৩২ জন। বিভাগজুড়ে মারা যাওয়া ১১ জনের মধ্যে বরগুনার ৬ জন। এ তথ্য নিশ্চিত করেছেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল।

মৃতদের মধ্যে এ করিম (৫০) বরগুনার বেতাগীর কালিকাবাড়ির বাসিন্দা। তিনি চলতি মাসের ২৪ তারিখ বরিশাল শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পটুয়াখালীর কলাপাড়ার টিয়াখালীর বাসিন্দা ইউসুফ খন্দকার (৭০) ২৬ জুন কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

স্বাস্থ্য বিভাগে তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় বরিশাল শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ২৬ জন ভর্তি হয়েছে। এছাড়া বরিশাল জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে ০৪ জন। পটুয়াখালী জেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ০১ জন, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ০৩ জন, ভোলা সদর হাসপাতালে ০১ জন, বরগুনায় ৭০ জন ভর্তি হয়েছে। ঝালকাঠি ও পিরোজপুরে গত ২৪ ঘণ্টায় কেউ আক্রান্ত হয়নি। একই সময়ে ছয় জেলার বিভিন্ন সরকারি হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮৬ জন।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক শ্যামল কৃষ্ণ মন্ডল বলেন, সরকারি হাসপাতালে যত রোগী ভর্তি হয়েছে তার চেয়েও প্রকৃত সংখ্যা আরও বেশি। কারণ বিভিন্ন বেসরকারি হাসপাতাল, ক্লিনিকে ভর্তি হওয়াসহ অনেক রোগী বাসা বাড়িতেও চিকিৎসা নিয়ে থাকে। সেই সংখ্যা আমাদের কাছে নেই। সেই সংখ্যা থাকলে সবাই বুঝতো ডেঙ্গু কত ভয়াবহ আকার ধারণ করেছে।