বরিশাল মেইল ডেস্ক
অন্তর্বর্তী সরকারের উদ্দেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের মতো কোনো কিছু চাপিয়ে দিলে আপনারাও গদিতে থাকতে পারবেন না। আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, রক্ত দিয়েছি দেশে লালনের আদর্শ ও ভিনদেশী অপসংস্কৃতি বাস্তবায়নের জন্য নয়। এসব চাপিয়ে দিলে মানুষ তা মানবে না।
শনিবার রবিশালের গৌরনদী সরকারী কলেজ সংলগ্ন ঈদগাহ মাঠে উপজেলা ইসলামী আন্দোলনের গণসমাবেশে বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সরকারের উদ্দেশে রেজাউল করীম আরও বলেন, আলেম সমাজের প্রতিনিধিত্ব ছাড়া কোনো কিছু সংস্কার করা যাবে না। প্রতিটি সংস্কার কমিটিতে আলেম সমাজ অন্তর্ভুক্ত করতে হবে। শিক্ষা ও সংবিধান সংস্কারে বিচ্ছিন্ন কিছু চিহ্নিত ব্যক্তিদের গ্রহণ করা হলে দেশের মানুষ মানবে না। এ ধরনের চেষ্টা চালানো হলে জাতি ও মানবতার বড় ক্ষতি হবে। আপনারাও ক্ষমতায় থাকতে পারবেন না।
উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মোস্তফা কামালের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন দলটির কেন্দ্রীয় নেতা লোকমান হোসনে জাফরী, উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ সিরাজুল ইসলাম, মুফতি নেছার উদ্দিন খান, মাওলানা হাফিজুর রহমান, মাহবুবুল হক মানিক, আগৈলঝাড়া উপজেলা সভাপতি রাসেল সরদার।



