― Advertisement ―

কোটাবিরোধী আন্দোলন: সড়ক অবরোধ করে বিএম কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা পদ্ধতি বাতিলের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (৯...

প্রথম দিনেই খালিহাতে ফিরলেন জেলেরা

বরিশাল মেইল ডেস্ক

২২ দিনের মা ইলিশ অভিযান শেষে গতকাল রবিবার (৩ নভেম্বর) দিবাগত রাতে মাছ ধরাতে নদী জাল ফেলেছিলেন জেলেরা। তবে প্রথম দিনেই খালিহাতে ফিরতে হয়েছে তাদের। ঝালকাঠির বিশখালী নদীতে বহুবছর যাবত মাছ ধরেন হোসেন আলী। জাল-নৌকাসহ ৪ জেলে মিলে বিশখালী নদীতে মাছ শিকারে যান। মাঝরাত থেকে সকাল পর্যন্ত নদীতে কয়েক দফা জাল ফেলেও সকালে শূন্য হাতে পাড়ে ফেরেন।

হোসেন আলীর আশা ছিল, নদীতে মাছ ধরে সংসারের খরচের পাশাপাশি ঋণের টাকা পরিশোধ করবেন। কিন্তু মাছ না পাওয়ায় সেটি আর হয়ে ওঠেনি। উল্টো আটশ টাকা খরচ করে খালি হাতে বাড়ি ফিরে গেছেন।

শুধু হোসেন আলী নন, দক্ষিণাঞ্চলের অধিকাংশ জেলেই অভিযান শেষে নদীতে মাছ শিকারে গিয়ে শূন্য হাতে ফিরছেন। সোমবার (৪ নভেম্বর) ঝালকাঠির নলছিটি, রাজাপুর ও কাঠালিয়া এলাকায় এমন চিত্র দেখা গেছে। রাজাপুরের বাদুরতলা এলাকার জেলে ইউসুফ আলী জানান, তিনি ছোট ট্রলার নিয়ে ৬০০ টাকা খরচ করে নদীতে মাছ শিকারে যান। নদীতে জাল ফেলে ৩টি জাটকা ইলিশ পেয়েছেন। ঘাটে এনে সেগুলো ২০০ টাকায় বিক্রি করেছেন। এতে তার ৪০০ টাকা লোকসান হয়েছে। কাঠালিয়া উপজেলার ৭-৮ জন জেলে জানান, অভিযান শেষে জেলেরা অনেক আশা নিয়ে নদীতে মাছ শিকারে নেমেছেন। আশা ছিল জালে ঝাঁকে ঝাঁকে মাছ ধরা পড়বে। আর সেই মাছ বিক্রি করে সংসারের খরচ মিটিয়ে ধার-দেনা পরিশোধ করবেন, কিন্তু সেটি আর হয়ে ওঠেনি। যে মাছ পেয়েছেন তা বিক্রি করে তেলের খরচও তুলতে পারেননি।

জেলেরা আরো জানান, অভিযানের আগে নদীতে যে পরিমাণ মাছ পাওয়া যেত, এখন সেটিও পাওয়া যায় না। পিরোজপুরের বেকুটিয়া মাছ ঘাটের আড়তদাররা জানান, অভিযানের আগে সেখানে এক দিনে একেকটি আড়তে অর্ধলক্ষ টাকার মাছ বেচাকেনা হতো, সেখানে অভিযান শেষে মাছ ধরার প্রথম দিনে বিক্রি হয়েছে মাত্র ৭ থেকে ৮ হাজার টাকার মাছ। বেশির ভাগ জেলে নদীতে গিয়ে মাছ বিক্রি করে ট্রলারের তেলের খরচও তুলতে পারেননি। আবার অনেকে ফিরেছেন খালি হাতে।

মৎস্য অফিস সূত্রে আরো জানা গেছে, মা ইলিশ রক্ষা অভিযানে গত ২২ দিনে ভোলার সুগন্ধা ও বিশখালী নদীতে ৪০টি অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে অনেক জেলেকে আটক করা হয়েছে। বেশকিছু ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক জেলেদের জেল জরিমানা করা হয়েছে। জেল দেওয়া হয়েছে অর্ধশতাধীক জেলেকে এবং অপ্রাপ্তবয়স্ক বেশকিছু কিশোরকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

ঝালকাঠি জেলা মৎস্য কর্মকর্তা মো. রবিউল ইসলাম জানান, এবারের মা ইলিশ রক্ষা অভিযান অন্যবারের তুলনায় অনেকটা সফল হয়েছে। এতে করে মাছের উৎপাদন বৃদ্ধি পাবে এবং জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বলেন, ‘সাধারণত অমাবস্যা ও পূর্ণিমার ওপর ভিত্তি করে নদীতে মাছ কমবেশি হয়ে থাকে। গত চার দিন আগে অমাবস্যা চলে গেছে। অমাবস্যার চার-পাঁচ দিন পর থেকে এক সপ্তাহ পর্যন্ত নদীতে মাছ তেমন একটা থাকে না। আবার পূর্ণিমার আগ থেকে আবার মাছ পাওয়া যায়।’

তিনি এও বলেন, ‘মা ইলিশ ডিম ছেড়ে সাগড়ে চলে গেছে। পূর্ণিমার আগে আবার নতুন করে সাগর থেকে মাছ নদীতে উঠে আসবে। তখন জেলের জালে কাঙ্ক্ষিত ইলিশ ধরা পড়বে বলে আশা করছি।’