নিজস্ব প্রতিবেদক
বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে পুলিশের নয়জন কর্মকর্তাকে। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করেছে।
মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনটিতে জানানো হয়েছে, চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হওয়ায় তাদেরকে অবসরে পাঠিয়েছে সরকার।
অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন, এপিবিএন পুলিশের কে এম আজিজুল ইসলাম, সিআইডির মো. আবদুর রশিদ, ঢাকা মহানগর পুলিশের ডেভেলপমেন্ট বিভাগের মো. জামাল উদ্দিন মীর, সারদা পুলিশের আকবর আলী খান, গাইবান্ধার ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে কর্মরত মো. সিরাজুল হক শেখ।
এ ছাড়াও এমআরটি পুলিশের মীর জাহেদুল হক রনি, এপিবিএনের মো. আসিকুজ্জামান, কক্সবাজারের চকরিয়া সার্কেল অফিসের আজিজুর রহমান এবং ঝিনাইদহের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের মো. আসলাম হোসেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, “বাংলাদেশ পুলিশে কর্মরত নিম্নবর্ণিত ৯ (নয়) জন পুলিশ কর্মকর্তার চাকরি ২৫ (পঁচিশ) বছর পূর্ণ হওয়ায় সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭নং আইন)-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো।”
অবসরে পাঠানো কর্মকর্তারা নিয়ম অনুযায়ী অবসরজনিত সব সুযোগ-সুবিধা পাবেন বলে জানানো হয়েছে।



