বিনোদন ডেস্ক: অ্যানাউন্সমেন্ট টিজারে নাম থাকলেও শুটিং শুরুর আগে ‘টগর’ সিনেমা থেকে বাদ পড়েছেন চিত্রনায়িকা দীঘি। তাঁর জায়গায় নেওয়া হয়েছে পূজা চেরিকে।
সিনেমা থেকে বাদ পড়ায় শিল্পী সমিতিতে অভিযোগ জানানোর পাশাপাশি মানহানির কারণে আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন বলে জানিয়েছেন দীঘি।
দীঘির বাদ পড়ার প্রসঙ্গে নির্মাতা আলোক হাসান জানিয়েছেন, পেশাদারি মনোভাবের অভাব থাকায় দীঘির সঙ্গে কাজটি করতে পারেননি তিনি। তবে সংবাদমাধ্যমে দীঘির দাবি, বাদ পড়ার কারণ তিনি জানেন না।
দীঘির এমন মন্তব্য ভালোভাবে নেয়নি টগর সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান এ আর মুভি নেটওয়ার্ক। দীঘির বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে সিনেমার টিমের সঙ্গে তাঁর অডিও বার্তা অনলাইনে প্রকাশের হুমকি দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠানটি।
এ বিষয়ে এ আর মুভি নেটওয়ার্কের ফেসবুক পেজ থেকে লেখা হয়, ‘(দীঘি) বরং নিজের পেশাদারত্বের দিকে মনোযোগ দিলে ভালো করতেন। একটি প্রজেক্টে অনবোর্ড হওয়ার পর দিনের পর দিন পার হয়ে যায়।
তিনি স্ক্রিপ্টের ফাইনাল ড্রাফট পড়ার সময় পান না। পরিচালকের ফোন, মেসেজের রিপ্লাই করতে ২৪-৪৮ ঘণ্টা পেরিয়ে যায়, কনটেন্ট প্রমোশনের সময় পান না, এমন পরিস্থিতিতে একটা প্রযোজনা প্রতিষ্ঠানের করণীয় কী থাকে? একটা প্রজেক্টের শুরুতেই যদি এত অনীহা ও দায়িত্বহীনতা কাজ করে, তাহলে রিলিজের সময় কী হবে।
বিএম/জ,রা



