― Advertisement ―

দ্বিতীয় দফায় মুক্তি পাচ্ছে চার ইসরায়েলি নারী সেনা

ডেস্ক রিপোর্টঃ গাজা যুদ্ধবিরতির প্রথম ধাপের অংশ হিসেবে শনিবার (২৭ জানুয়ারি) হামাস চার ইসরায়েলি নারী সেনাকে মুক্তি দেবে বলে নিশ্চিত করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। ৪৭৭ দিন ধরে হামাসের জিম্মি থাকা এই চারজন নারী হলেন- লিরি আলবাগ (১৯), দানিয়েলা গিলবোয়া (২০), কারিনা আরিয়েভ (২০) এবং নামা লেভি (২০)। টাইমস অব ইসরায়েল জানিয়েছে, তারা ২০২৩ সালের ৭ অক্টোবর নাহাল ওজ সামরিক ঘাঁটিতে হামাসের হামলায় অপহৃত হন।

অপহৃত সাতজন নারী সেনার মধ্যে একজনকে আগেই জীবিত উদ্ধার করা হয়েছিল এবং আরেকজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। তবে এখনও ২১ বছর বয়সী আগাম বার্গার মুক্তি পাননি।

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে দাবি করা হয়েছে, এই মুক্তি তালিকা যুদ্ধবিরতির শর্ত আংশিক লঙ্ঘন করেছে। যুদ্ধবিরতির শর্ত অনুসারে, প্রথমে নারী বেসামরিক বন্দিদের মুক্তি দেওয়া হবে, এরপর নারী সেনাদের। তবে ইসরায়েলি কর্তৃপক্ষ এই শর্ত লঙ্ঘনকে বড় কোনো সমস্যা হিসেবে দেখছে না এবং বন্দিদের গ্রহণে সম্মতি জানিয়েছে।

এছাড়া, মুক্তির জন্য নির্ধারিত ৩৩ জন বন্দির মধ্যে থাকা দুই নারী বেসামরিক বন্দির একজন, আরবেল ইহুদ (২৯), এখনও মুক্তি পাননি। ধারণা করা হচ্ছে, তিনি হামাস-সমর্থিত ফিলিস্তিনি ইসলামিক জিহাদের কাছে বন্দি রয়েছেন।

হামাস আশা করছে, ইসরায়েল ২০০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে, যার মধ্যে ১২০ জন আজীবন কারাদণ্ডপ্রাপ্ত এবং ৮০ জন দীর্ঘমেয়াদী সাজাপ্রাপ্ত বন্দি রয়েছেন। প্রতি একজন নারী সেনার মুক্তির বিনিময়ে ৫০ জন ফিলিস্তিনি বন্দিকে ছাড়ার বিষয়ে আলোচনা চলছে। তবে ইসরায়েল এখনও নিশ্চিত করেনি কারা মুক্তি পাবে।

এই ঘটনা গাজা যুদ্ধবিরতির শর্ত পূরণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। সূত্র: টাইমস অব ইসরায়েল, সিএনএন

বিএম/সজীব