নিজস্ব প্রতিবেদক:
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ছাত্রদের আন্দোলন শুরু হয় ২০২৪ সালের মাঝামাঝি সময়ে। দাবী না মানা এবং তৎকালীন আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রীসহ মন্ত্রী ও এমপিদের কোটা সংস্কার বিরোধী বক্তব্যে অবশেষে একদফা দাবীতে শেখ হাসিনা সরকারের পতন হয়।
৩৬ দিনের ছাত্র-জনতার আন্দোলনে ওই বছরের ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে পালাতে বাধ্য হন শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা। এই আন্দোলনে অসংখ্য শহীদ ও আহত হন ছাত্র-জনতা।
জুলাই সনদ:
জুলাই সনদ হল একটি প্রতিশ্রুতি। একটা জনকল্যাণমুখী রাষ্ট্র নির্মাণের জন্য সংস্কার কমিশন যে প্রস্তাবগুলো দিয়েছে, সেগুলোর মধ্য থেকে রাজনৈতিক দলগুলো যে কয়টিতে একমত হয়েছে, তার তালিকা থাকবে এই সনদে।
জুলাই সনদে স্বাক্ষর করে তারা জাতির কাছে সেগুলো বাস্তবায়নের অঙ্গীকার করবে। জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব ও অংশ নেওয়া শিক্ষার্থীরা একটি ‘জুলাই ঘোষণাপত্র’ দেওয়ার দাবী তুলেছেন ।
জুলাই ঘোষনা :
শুক্রবার (৬ জুন) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘আগামী জুলাই মাসেই সকল রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে একটি ‘জুলাই সনদ’ প্রস্তুত করে আমরা জাতির সামনে উপস্থাপন করতে পারবো বলে আশা করছি।
তবে দফায় দফায় মতবিনিময় করেও বহুল আলোচিত ‘জুলাই সনদ’ চূড়ান্ত করতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।পাশাপাশি ঐকমত্য কমিশনের সঙ্গে ধারাবাহিক বৈঠক করলেও বেশকিছু প্রস্তাবের সঙ্গে একমত হতে পারেনি দেশের রাজনৈতিক দলগুলো। ফলে এখনও চূড়ান্ত হয়নি জুলাই সনদ।
তাই ‘জুলাই সনদ’ ঘোষণা না আসার পেছনে সরকারের নিষ্ক্রিয়তা ও রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার অভাবকে দায়ী করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী।
তিনি বলেন, জুলাই মাসের মধ্যে সরকার ‘জুলাই সনদ’ ঘোষণা না করলে চলতি বছরের ৩ আগস্ট সচিবালয় ঘেরাওয়ের উদ্দেশ্যে ‘জুলাইয়ের কফিন মার্চ’ ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ।
আরও বলেন, সরকারের বিভিন্ন পদে বসে থাকা লোকেদের জুলাই আহতদের ও নিহতদের পরিবার নিয়ে কোনো মাথাব্যথা নেই। কিন্তু আমরা জুলাই সনদ আদায় না করে ক্ষ্যান্ত হবো না
এনসিপির অবস্থা:
জুলাই মাসের প্রথম দিন সকাল সাড়ে ১০টায় রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন,জুলাই সনদ ঘোষণা নিয়ে টালবাহনা চলছে।
স্পষ্টভাবে হুঁশিয়ারি দিয়ে নাহিদ বলেন, আমরা আবু সাঈদের কবর থেকে ঘোষণা করছি, আমরা বাংলার প্রতিটি পথে প্রান্তরে যাব। আমরা বাংলার ছাত্র-জনতা-তরুণ-শ্রমিকদের আবারো রাজপথে নেমে আসতে আহ্বান জানাব।
জুলাই সনদ ঘোষণা আদায়ের জন্য আগামী মাসের শুরুতে ফের ছাত্র-জনতাকে নিয়ে রাজপথে নামবেন। এই দাবী আদায় করেই ছাড়বেন।
টিবিএম/জ/রা



