আত্মরক্ষামূলক নীতি থেকে সরে গিয়ে আক্রমণাত্মক সামরিক শক্তিতে পরিণত হচ্ছে টোকিও, আনম্যানড সাবমেরিন তৈরির পরিকল্পনা নিয়েও অভিযোগ
জাপানের বিদেশে সামরিক আগ্রাসন এখন আর কেবল আশঙ্কা বা কল্পনার বিষয় নয়, বরং বাস্তবে পরিণত হয়েছে বলে দাবি করেছে উত্তর কোরিয়া। মঙ্গলবার (৭ জুলাই) দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) প্রকাশিত এক মন্তব্যে এ অভিযোগ আনা হয়।
কেসিএনএর দাবি, জাপান দীর্ঘদিন ধরে অনুসরণ করে আসা ‘শুধু আত্মরক্ষামূলক প্রতিরক্ষা নীতি’ থেকে সরে এসে ধীরে ধীরে নিজেদের সামরিক বাহিনীকে একটি ‘সম্পূর্ণ আক্রমণাত্মক ও আগ্রাসী বাহিনীতে’ রূপান্তর করছে।
মন্তব্যে আরও বলা হয়, জাপান এমন চালকবিহীন (আনম্যানড) সাবমেরিন তৈরির পরিকল্পনা করছে, যা জাহাজবিধ্বংসী হামলা চালাতে সক্ষম হবে। এসব সাবমেরিনে টর্পেডো ও নৌ-মাইন বহনের সক্ষমতা থাকবে এবং প্রতিবেশী দেশগুলোর উপকূলের কাছাকাছি মোতায়েন করা সম্ভব হবে।
উত্তর কোরিয়ার ভাষ্য অনুযায়ী, সংঘাতের সময় এসব সাবমেরিন ব্যবহার করে শত্রুপক্ষের যুদ্ধজাহাজের বিরুদ্ধে আগাম হামলা চালানো যেতে পারে। এ ধরনের সামরিক প্রস্তুতি জাপানের প্রতিরক্ষামুখী অবস্থান থেকে সরে আসার স্পষ্ট ইঙ্গিত এবং এটি আঞ্চলিক নিরাপত্তার জন্য উদ্বেগের কারণ বলেও মন্তব্যে উল্লেখ করা হয়েছে।
তবে উত্তর কোরিয়ার এসব অভিযোগের বিষয়ে জাপান সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।



