― Advertisement ―

গাজা-লেবানন যুদ্ধে মানসিক চাপে ইসরায়েলি সেনারা, আত্মহত্যা করেছেন ৬ জন

ডেস্ক রিপোর্টঃ গাজা ও লেবাননে চলমান যুদ্ধে মানসিক চাপে ভুগে ইসরায়েলের অন্তত ছয়জন সেনা আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে দেশটির শীর্ষস্থানীয় দৈনিক ইয়েডিওথ আহরোনোথ। শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে দীর্ঘস্থায়ী যুদ্ধ থেকে সৃষ্ট মানসিক যন্ত্রণা এবং মানসিক রোগকে এই আত্মহত্যার প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলি সামরিক বাহিনীর হাজার হাজার সেনা মানসিক সমস্যার চিকিৎসা নিচ্ছেন। তবে বিশেষজ্ঞরা ধারণা করছেন, প্রকৃত আত্মহত্যার সংখ্যা আরও বেশি হতে পারে। সেনাদের মধ্যে মানসিক চাপ এবং পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার (PTSD) লক্ষণীয়ভাবে বৃদ্ধি পেয়েছে।

তথ্যানুযায়ী, যুদ্ধ থেকে ফিরে আসা তিনজন সেনার মধ্যে একজন PTSD-তে আক্রান্ত। প্রতিবেদনে আরও বলা হয়েছে, শারীরিক আঘাতপ্রাপ্তদের তুলনায় মানসিক আঘাতপ্রাপ্ত সেনাদের সংখ্যা অনেক বেশি। বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করেছেন যে, যুদ্ধ শেষে স্বাভাবিক জীবনে ফেরার পর এই মানসিক সংকট আরও গভীর হতে পারে।

ইসরায়েলের সামরিক বাহিনী এই সঙ্কট মোকাবিলায় ইতিমধ্যেই পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানা গেলেও, সেনাদের মানসিক স্বাস্থ্য পরিস্থিতি একটি গুরুতর জাতীয় সমস্যা হিসেবে উঠে এসেছে।