― Advertisement ―

খালেদা জিয়ার মৃত্যুতে নরেন্দ্র মোদী সহ রাজনৈতিক নেতাদের শোক

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশের উন্নয়নে এবং ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ অবদান সর্বদা স্মরণীয় হয়ে থাকবে।’

‘সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোকাহত। তার পরিবার এবং বাংলাদেশের সকল মানুষের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা জানাই।’ লিখেন নরেন্দ্র মোদী।

খালেদা জিয়ার সঙ্গে তার সাক্ষাতের অভিজ্ঞতার কথা স্মরণ করে নরেন্দ্র মোদী লিখেন, ‘২০১৫ সালে ঢাকায় তার সাথে আমার সাক্ষাতের কথা আমার স্মরণে রয়েছে। আমরা আশা করি তার দৃষ্টিভঙ্গি এবং উত্তরাধিকার আমাদের অংশীদারিত্বকে পরিচালিত করবে।’

এ ছাড়াও বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

আজ সকাল ৭টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শফিকুর রহমান লেখেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ওপরে রহম করুন, ক্ষমা করুন এবং তাকে তার প্রিয় জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন।’

এ ছাড়াও বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশ-বিদেশের রাজনৈতিক ব্যক্তিবর্গ শোক প্রকাশ করছেন।