নিজস্ব প্রতিবেদক:
ফেসবুকে জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলন, শহীদ আবু সাঈদকে নিয়ে বিরূপ মন্তব্য, অন্তর্বর্তী সরকার ও প্রধান উপদেষ্টাকে নিয়ে বিতর্কিত স্ট্যাটাস দিয়ে দেশজুড়ে আলোচনা-সমালোচনার জন্ম দেন লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সাবেক সহকারী কমিশনার তাপসী তাবাসসুম ঊর্মি।
তার বিরুদ্ধে বিভাগীয় মামলায় আনা ‘অসদাচরণ’ অভিযোগ প্রমাণিত হওয়ায় ঊর্মিকে সরকারি চাকরি হতে চাকুরীচ্যুত করা হয়েছে।
এ নিয়ে সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় গতকাল বুধবার (২ জুলাই) প্রজ্ঞাপন জারি করেছে।
তাপসী তাবাসসুম ঊর্মি কে?
নেত্রকোনা জেলার পূর্বধলা সদর ইউনিয়নের নসিবপুর গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক মো. ইসমাইল হোসেনের মেয়ে।
ঊর্মি শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়ালেখা শেষ করে।
এরপর ৪০তম বিসিএসে প্রশাসন ক্যাডারে নিয়োগ পান ঊর্মি। ২০২২ সালের ডিসেম্বরে চাকুরীতে যোগ দেন তিনি।
কি ছিলো ফেসবুক স্ট্যাটাসে:
ড.ইউনূস সম্পর্কে : ফেসবুকে একটি পোস্ট করে তাপসী তাবাসসুম ঊর্মি লিখেছেন, সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, রিসেট বাটনে পুশ করা হয়েছে। অতীত মুছে গেছে।
রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি। এতই সহজ। কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার, মহাশয়।
শহীদ আবু সাঈদ: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ আবু সাঈদকে ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া তার আরেকটি ফেসবুক পোস্ট ভাইরাল হয়।
চাকরিচ্যুত করার প্রজ্ঞাপন:
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বিভাগীয় মামলায় ঊর্মি’র বিরুদ্ধে আনা ‘অসদাচরণ’-এর অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ‘চাকরি হতে বরখাস্তকরণ’ গুরুদণ্ড প্রদান করা হয়েছে।
তিনি বর্তমানে সহকারী সচিব (ওএসডি) হিসেবে অবস্থান করছিলেন এবং সাময়িকভাবে বরখাস্ত ছিলেন।
টিবিএম/জ/রা



