নিজস্ব প্রতিবেদক
‘যারা ভোটকেন্দ্র দখলের আশায় আছেন তাদের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে। তাদের দাঁত ভাঙা জবাব দেয়া হবে। ভোটকেন্দ্র দখল করে জেতার সুযোগ দেয়া হবে না। ভোটকেন্দ্র দখলের চেষ্টা করা হলে পুরো কেন্দ্রের ভোট বাতিল করে দেয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

আজ শনিবার (২৩ আগস্ট) রাজশাহীর আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে সকাল ১০টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজশাহী অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
সিইসি বলেন, ‘চূড়ান্ত ভোটার তালিকা আগামী দুই সপ্তাহের মধ্যে প্রকাশ হবে। আগামী রমজানের আগে ফেব্রুয়ারি মাসে নির্বাচন সম্পন্ন করার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে। ভোটকেন্দ্র বাছাইয়ের কাজও চলছে।
তিনি আরও বলেন, ‘এই সরকার নির্বাচন নিয়ে আমাকে এখন পর্যন্ত কোনো চাপ দেয়নি। যদি চাপ দেয়, আমি পদত্যাগ করব। এর আগে নির্বাচন কমিশনের সেসব সদস্যরা স্ব-উদ্যোগে ভোট জালিয়াতিতে জড়িয়েছে, তাদের এবার নির্বাচন কার্যক্রমে অংশ নিতে হবে না।’
কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে সিইসি বলেন, বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেয়ার সুযোগ নেই।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি আগেরে চেয়ে উন্নতি হয়েছে। ভোট আসার আগেই আইনশৃঙ্খলা পরিস্থিতির আরো উন্নতি হবে। ভোটের আগে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান চলবে। অস্ত্রবাজী করে ভোটে জয়ী হওয়া যাবে না।
পিআর পদ্ধতি প্রসঙ্গে তিনি বলেন, পিআর পদ্ধতি সংবিধানে নেই। পিআর নিয়ে রাজনৈতিক আলোচনা চলছে।



