বরিশাল মেইল ডেস্ক
জনপ্রিয় সংগীতশিল্পী বেবী নাজনীন গত কয়েক বছর ধরেই যুক্তরাষ্ট্রে থাকছেন। সেখানে নিয়মিতই তিনি ব্যস্ত থাকেন গান নিয়ে। পাশাপাশি অন্যান্য দেশেও গান গাওয়ার আমন্ত্রণে যান। নতুন খবর হচ্ছে, আগামীকাল কানাডার টরন্টোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৬ষ্ঠ সম্মিলিত বাংলা মেলা। টরন্টোর বার্চমাউন্ট পার্কে অনুষ্ঠেয় বাংলা মেলায় পারফর্ম করবেন ব্ল্যাক ডায়মন্ড খ্যাত সংগীত তারকা বেবী নাজনীন। এ উপলক্ষে এরই মধ্যে তিনি কানাডায় এসে পৌঁছেছেন। বাংলা মেলার অন্যতম সমন্বয়ক দীন ইসলাম। তিনি এ অনুষ্ঠান প্রসঙ্গে জানান, মেলা থেকে আয়ের একটি অংশ বাংলাদেশে ভয়াবহ বন্যা আক্রান্তদের সহায়তায় পাঠানো হবে। সংগীতানুষ্ঠানের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে থাকছে নানা আয়োজন। মেলাকে কেন্দ্র করে ব্যাপক প্রচারণা শুরু হয়েছে আরও আগে থেকেই।
মেলায় কানাডায় অবস্থানরত প্রবাসী শিল্পীদেরও পরিবেশনা থাকবে। থাকবে বিভিন্ন স্টল। এদিকে বেবী নাজনীন জানিয়েছেন, কানাডার এই অনুষ্ঠান শেষে ঢাকায় ফেরার কথা রয়েছে তার। এর মাধ্যমে দীর্ঘদিন পর দেশে আসছেন এ গায়িকা। দেশে ফিরেই রাজনীতি ও গানে মনোযোগী হবেন এ সংগীতশিল্পী।



