― Advertisement ―

ওয়াক্ফ বিলের প্রতিবাদে কলকাতায় বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট: ওয়াক্ফ বিলের বিরোধিতা করে প্রতিবাদ করেছেন ভারতের পশ্চিমবঙ্গের একদল বিক্ষোভকারী। তারা কলকাতার রাজপথ অবরোধের পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কুশপুতুল পুড়িয়েছেন।

গতকাল শুক্রবার জুমার নামাজের পর কলকাতার ধর্মতলার টিপু সুলতান মসজিদ ও জাকারিয়া স্ট্রিটের নাখোদা মসজিদের পক্ষ থেকে ধর্মতলায় সড়ক অবরোধ করা হয়। ওই অবরোধ থেকেই হাতে প্ল্যাকার্ড, ফেস্টুন নিয়ে নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে লাগাতার স্লোগান দেন বিক্ষোভকারীরা। একসময় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কুশপুতুল পুড়িয়ে প্রতিবাদ জানানো হয়।

এরপর রাজভবনে গিয়ে রাজ্যপাল ড. সি ভি আনন্দ বোসের কাছে স্মারকলিপি দিতে যায় পাঁচজনের একটি প্রতিনিধি দল। অবিলম্বে ওয়াক্ফ বিল প্রত্যাহার করতে হবে এবং এ বিষয়ে রাজ্যপাল যেন দেশের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে অবগত করেন সেই দাবি জানান তারা।
এই প্রতিবাদে মুসলিম নেতাদের পক্ষ থেকে বলা হয়, আমরা এ আইন মানি না, এ আইন মুসলিমবিরোধী। এ আইনে আমাদের মসজিদ, কবরস্থান, দরগা নিয়ে নেওয়া হবে।

তাদের অভিযোগ, কেন্দ্রে নরেন্দ্র মোদি যে সরকার চালাচ্ছে সে সরকার শুধু মুসলমানদের খারাপ চাইছে। সরকার যে ওয়াক্ফ বিল নিয়ে এসেছে সেই বিলের কোনো দরকার ছিল না। স্বাধীনতার আগে থেকেই ভারতে ওয়াক্ফ বিল ছিল। তাদের দাবি, এই ওয়াক্ফ সম্পত্তি মুসলমানদের সম্পত্তি ছিল, আছে এবং আগামী দিনেও থাকবে।