― Advertisement ―

বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বরিশাল মেইল ডেস্কঃআগামী বৃহস্পতিবার অনুষ্ঠেয় সব শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষার তারিখ পরে জানানো হবে।আজ মঙ্গলবার বাংলাদেশ...

উগ্রবাদ ও সামাজিক সংঘাত মোকাবিলায় গবেষণাকে কাজে লাগানোর নির্দেশ ইউজিসি প্রধানের

দেশের উগ্রবাদ, অসহিষ্ণুতা, সহিংসতা এবং সামাজিক মেরুকরণের মতো জটিল সংকট মোকাবিলায় বিশ্ববিদ্যালয়ের গবেষণাকে সরাসরি বাস্তব ক্ষেত্রে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর ২০২৬) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই তাগিদ দেন।

ইউজিসি চেয়ারম্যান স্পষ্ট করে বলেন, কেবল উচ্চমানের সাময়িকীতে গবেষণাপত্র প্রকাশ, সাইটেশন সংখ্যা বাড়ানো কিংবা গবেষকের ব্যক্তিগত প্রোফাইল সমৃদ্ধ করাই গবেষণার একমাত্র উদ্দেশ্য হতে পারে না। সাধারণ মানুষের দৈনন্দিন জীবন ও সামাজিক জীবনের সুনির্দিষ্ট চ্যালেঞ্জ সমাধানে গবেষণার সুফল বাস্তব রূপ পেলেই তার প্রকৃত সার্থকতা নিশ্চিত হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগ এবং ইন্টারন্যাশনাল সিকিউরিটি পলিসি ল্যাব যৌথভাবে ‘সহিংস উগ্রবাদ মোকাবিলায় মানবকেন্দ্রিক ও প্রমাণভিত্তিক নীতি’ শীর্ষক এই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করে। ইউজিসির অধীন বাস্তবায়নাধীন ‘হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন’ (হিট) প্রকল্পের একটি বিশেষ উপপ্রকল্পের আওতায় এই আয়োজন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে বিশেষ জোর দিয়ে অধ্যাপক মামুন আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয়গুলো সমাজবিচ্ছিন্ন কোনো দ্বীপ নয়। তাই উগ্রবাদ ও সামাজিক অসহিষ্ণুতাকে কেবল ধর্মীয় দৃষ্টিকোণ থেকে না দেখে এর নেপথ্যে থাকা সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক অনুঘটকগুলো উন্মোচন করতে হবে। এর জন্য বিজ্ঞান, প্রযুক্তি, মানবিক ও সামাজিক বিজ্ঞানের গবেষকদের এক ছাতার নিচে এসে সমন্বিতভাবে কাজ করা জরুরি।

শিক্ষাঙ্গনে উদার পরিবেশ গড়ে তোলার ওপর আলোকপাত করে তিনি শ্রেণিকক্ষে এবং ক্যাম্পাসে বিভিন্ন ধর্ম, দৃষ্টিভঙ্গি ও সামাজিক পটভূমির শিক্ষার্থীদের মধ্যে নিয়মিত সংলাপের পরিবেশ তৈরির তাগিদ দেন। ইউজিসি প্রধানের মতে, এই মুক্ত চর্চা তরুণ সমাজকে মানবিক, যুক্তিভিত্তিক ও বিজ্ঞানমনস্ক নাগরিক হিসেবে গড়ে তুলতে ভূমিকা রাখবে।

তরুণ গবেষকদের উদ্দেশ্য করে চেয়ারম্যান ঘোষণা দেন, সমাজের কঠিন বাস্তব সামাজিক সমস্যা সমাধানে ভূমিকা রাখতে পারে—এমন যেকোনো মানসম্মত ও প্রতিশ্রুতিশীল গবেষণা প্রস্তাবে প্রয়োজনীয় অর্থায়নে ইউজিসি পুরোপুরি প্রস্তুত। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের আকার বা বয়স কোনো বাধা হবে না; বরং প্রকল্পের গুণগত মান ও গবেষকের সক্ষমতাই হবে ফান্ডিংয়ের একমাত্র মাপকাঠি।

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন যুক্তরাজ্যের লিডস বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. গর্ডন ক্লাব। এতে সভাপতিত্ব করেন ঢাবির বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আবু সায়েম। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের ডিআইজি মোহাম্মদ মুসলিম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (জাতিসংঘ অনুবিভাগ) মো. কামরুজ্জামান, বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী নুরুল ইসলাম এবং বিইউপি-র উপ-উপাচার্য মেজর জেনারেল (অব.) ড. নাঈম আশফাক চৌধুরী। অনুষ্ঠানে উপপ্রকল্পের কার্যক্রম তুলে ধরেন ড. মো. দিদারুল ইসলাম।