― Advertisement ―

ইসরায়েলি হামলায় গাজায় আরও ১০০ ফিলিস্তিনি নিহত, মৃতের সংখ্যা ছাড়ালো ৪৪ হাজার

ডেস্ক রিপোর্টঃ অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের অব্যাহত হামলায় একদিনে আরও ১০০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৪৪ হাজার ৪০০ জনে পৌঁছেছে। গত বছরের অক্টোবর থেকে চলা এই সংঘর্ষে আহত হয়েছেন লক্ষাধিক মানুষ। রোববার (১ ডিসেম্বর) এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে জানানো হয়, উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন। একইদিন দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসে খাদ্য সহায়তার জন্য অপেক্ষমাণ অবস্থায় ১২ জন বেসামরিক ব্যক্তি এবং ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন ও সেভ দ্য চিলড্রেনের চারজন কর্মী প্রাণ হারান।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ১ লাখ ৫ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। ধ্বংসযজ্ঞে জর্জরিত গাজার বাড়িঘরের ধ্বংসস্তূপের নিচে এখনও অন্তত ১০ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

জাতিসংঘের আহ্বান ও যুদ্ধবিরতির প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল তার সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে। ইসরায়েলের হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ ও গির্জাসহ অসংখ্য স্থাপনা ধ্বংস হয়ে গেছে।

জাতিসংঘ জানিয়েছে, গাজার প্রায় ৮৫ শতাংশ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। খাদ্য, বিশুদ্ধ পানি ও ওষুধের চরম সংকটে থাকা এই মানুষগুলো এখন মানবিক বিপর্যয়ের মুখোমুখি।

উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর হামাসের হামলার প্রতিশোধ হিসেবে ইসরায়েল গাজায় স্থল ও আকাশপথে হামলা শুরু করে। এক বছরেরও বেশি সময় ধরে চলা এই হামলায় গাজার অবকাঠামোর ৬০ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েল ইতোমধ্যেই আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে।

আরও পড়ুনঃ
একদিনে গাজায় আরও ৩৩ জন নিহত
গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়াল ৪৪ হাজার