আন্তর্জাতিক ডেস্ক :
বড় ভাইয়ের স্ত্রীর সাথে আম পাড়া নিয়ে ঝগড়া হয় দেবর বিমল মন্ডলের। সেই বিবাদ থেকেই বউদি সতী মণ্ডলকে কুপিয়ে খুন করেন বিমল। ভারতের দক্ষিণ ২৪ পরগনার জেলার বাসন্তীতে এ ঘটনা ঘটে। খবর আনন্দবাজার পত্রিকার।
আজ শনিবার (৩১ মে) সকালে এক হাতে ধারালো অস্ত্র আর অন্য হাতে এক নারীর কাটামাথা। এই অবস্থায় বিমলকে গ্রামে ঘুরে বেড়াতে দেখে আঁতকে ওঠেন বাসন্তীর ভরতগড় এলাকার বাসিন্দারা। পরে পুলিশকে খবর দেওয়া হলে আটক করা হয় বিমলকে।
পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদের মুখে খুনের কথা স্বীকার করেছেন অভিযুক্ত। জানিয়েছেন, হঠাৎ মাথাগরম হয়ে যাওয়াতেই এই কাণ্ড ঘটিয়ে ফেলেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমটি জানায়, সতীর স্বামী চার মাস আগে মারা যান। আর সতীর ছেলে থাকে সোনারপুর এলাকায়। সতীর বাড়ির পাশেই বিমলের বাড়ি। দুই পরিবারের মধ্যে আগে থেকেই বিবাদ ছিল।
পুলিশ জানায়, শনিবার সকালে নিজের বাড়ির সামনেই একটি আমগাছ থেকে আম পাড়ছিলেন সতী। তখন তাকে বাধা দেন দেবর বিমল। দাবি করেন গাছটি তার মালিকানাধীন। সতী পাল্টা জানান, গাছটি তার। তাই আম পাড়ার জন্য তার কারো অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। দুজনের মধ্যে কথা-কাটাকাটি চলতে থাকে। তার পর হঠাৎই বাড়ি থেকে ধারালো অস্ত্র বের করে বউদিকে কুপিয়ে ধড় থেকে মাথা আলাদা করে দেন অভিযুক্ত। তার পর বউদির কাটা মুণ্ডু নিয়ে ঘুরে বেড়ান এলাকায়।
এই ঘটনা প্রসঙ্গে ক্যানিংয়ের মহকুমা পুলিশ অফিসার (এসডিপিও) রামকুমার মণ্ডল বলেন, ‘অভিযুক্ত গ্রেপ্তার হয়েছেন। গোটা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’



