ডেস্ক রিপোর্ট : গত ১৯ ফেব্রুয়ারি আইফোন ১৬ সিরিজের নতুন মডেল ‘আইফোন ১৬ই’ আনার ঘোষণা দেয় অ্যাপল। এরপর ২৮ ফেব্রুয়ারি থেকে নতুন মডেলের আইফোনটির বিক্রি কার্যক্রম শুরু করে প্রতিষ্ঠানটি।
কিন্তু বাজারে আসার ১৫ দিনের মধ্যেই আইফোন ১৬ই নিয়ে ব্যবহারকারীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
ব্যবহারকারীদের অভিযোগ, আইফোন ১৬ই মডেলে থাকা ব্লুটুথ প্রযুক্তি ঠিকমতো কাজ করছে না।
ব্লুটুথ সংযোগজনিত এ সমস্যার কারণে গান শোনার সময় হঠাৎই এয়ারপডের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে।
আইফোন ১৬ই মডেলে থাকা ব্লুটুথ সংযোগজনিত সমস্যা নিয়ে বিভিন্ন প্রযুক্তি ফোরাম ও সামাজিক যোগাযোগমাধ্যমে অসংখ্য অভিযোগ উঠেছে।
বেশ কয়েকজন ব্যবহারকারী জানিয়েছেন, একাধিক ব্লুটুথ ডিভাইস যুক্ত থাকলে আইফোন ১৬ই মডেলের ব্লুটুথ প্রযুক্তি কাজ করছে না। বিশেষ করে অ্যাপল ওয়াচ ও এয়ারপড একসঙ্গে ব্যবহারের সময় এ সমস্যা বেশি হচ্ছে।
প্রযুক্তিপণ্য বাজারে আসার পর অনেক সময় কিছু ত্রুটি ধরা পড়ে, যা পরবর্তী সফটওয়্যার হালনাগাদের মাধ্যমে ঠিক করা হয়।
তবে আইফোন ১৬ই মডেলে থাকা সমস্যাটি সফটওয়্যার না হার্ডওয়্যারজনিত তা জানা যায়নি। অ্যাপলও এখন পর্যন্ত এ সমস্যার বিষয়ে কোনো মন্তব্য করেনি।
সূত্র: বিজিআর
বিএম/জ/রা



