নিজস্ব প্রতিবেদক
চরম অর্থ সংকটে ভুগছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল (বিটিভি)। টাকার অভাবে প্রতিষ্ঠানটি নিয়মিত শিল্পীদের সম্মানি ভাতা দিতে পারছেনা।
শিল্পীরা জানিয়েছেন, তারা গত পাঁচ মাস ধরে অনুষ্ঠানে নিয়মিত অংশ নিলেও সম্মানী পাচ্ছেন না। সোনালী ব্যাংকের রামপুরা শাখা থেকে ইস্যু হওয়া চেকগুলো ব্যাংকে জমা দিলে পর্যাপ্ত অর্থ না থাকায় বাউন্স হচ্ছে।
পাঁচটি বাউন্স চেক যাচাই করে এর সত্যতা পাওয়া গেছে। শিল্পীরা অভিযোগ করেছেন, পাঁচশ থেকে এক হাজার টাকার চেকও নগদায়ন হচ্ছে না। বিষয়টি বিটিভির মাসিক সভায় আলোচিত হলেও সমাধান হয়নি।
বিটিভি সূত্র বলছে, সাম্প্রতিক সময়ে প্রতিষ্ঠানটি মারাত্মক অর্থ সংকটে পড়েছে। জ্বালানি ঘাটতির কারণে অতিথিদের যাতায়াতের গাড়িও চালানো যাচ্ছে না।
কর্মকর্তারা বলছেন, শিল্পীদের পারিশ্রমিকের বরাদ্দ অন্য খাতে ব্যয় হওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। দুর্নীতি ও অনিয়মকে এই আর্থিক অস্থিরতার মূল কারণ হিসেবে দায়ী করছেন অনেকে।
এ বিষয়ে জানতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালকের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।
বিটিভি’র মহাপরিচালক মো. মাহবুবুল আলম গোরাকে একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি। পরে শিল্পীদের চেক বাউন্সের বিষয়টি জানিয়ে তার মুঠোফোনে খুদে বার্তা পাঠিয়ে বক্তব্য জানতে চাইলে তিনি কোনো জবাব দেননি।



