যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে দেওয়া এক দীর্ঘ বক্তৃতায় মার্কিন অর্থনীতি নিয়ে করা অসংখ্য দাবিকে ‘অসত্য’ এবং ‘ভ্রান্ত’ হিসেবে চিহ্নিত করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা। গত মঙ্গলবার (২০ জানুয়ারি) দেওয়া ওই ভাষণে ট্রাম্প মূল্যস্ফীতি, কর্মসংস্থান, ওষুধের দাম এবং শুল্ক নীতি নিয়ে যেসব তথ্য দিয়েছেন, তার সঙ্গে সরকারি পরিসংখ্যান ব্যুরোর (বিএলএস) তথ্যের আকাশ-পাতাল তফাত লক্ষ্য করা গেছে।
ট্রাম্প দাবি করেছেন, বর্তমানে যুক্তরাষ্ট্রে ‘কোনো মূল্যস্ফীতি নেই’ এবং মূল মূল্যস্ফীতি ১.৬ শতাংশের মধ্যে রয়েছে। অথচ শ্রম পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে, গত নভেম্বর ও ডিসেম্বরে মূল মূল্যস্ফীতি ছিল ২.৬ শতাংশ এবং সামগ্রিক মূল্যস্ফীতি ২.৭ শতাংশে দাঁড়িয়েছে। এছাড়া ওষুধের দাম ৩০০ থেকে ৬০০ শতাংশ কমার যে দাবি ট্রাম্প করেছেন, তা গাণিতিকভাবে অসম্ভব। কারণ কোনো পণ্যের দাম ১০০ শতাংশ কমার অর্থ হলো সেটি বিনামূল্যে পাওয়া যাওয়া। ১০০ শতাংশের বেশি কমার দাবি বাস্তবতাবর্জিত। শুল্ক নীতি নিয়ে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনকে আক্রমণ করে ট্রাম্প বলেন, বাইডেন কোনো শুল্ক আরোপ করেননি। অথচ রেকর্ড বলছে, বাইডেন প্রশাসন চীন থেকে আমদানিকৃত বৈদ্যুতিক গাড়িতে ১০০ শতাংশ এবং ইস্পাতে ২৫ শতাংশ শুল্কসহ রাশিয়া ও কানাডার পণ্যে দফায় দফায় শুল্ক আরোপ করেছিল।



