ডেস্ক রিপোর্টঃ সিরিয়ার নতুন নেতা আহমেদ আল-শারার সঙ্গে বৈঠক করেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান। শুক্রবার (২৪ জানুয়ারি) দামেস্কে অনুষ্ঠিত এই বৈঠকে সিরিয়ার নিরাপত্তা, স্থিতিশীলতা ও ঐক্যের পাশাপাশি দেশটির ওপর আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি গুরুত্ব পায়।
সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, বৈঠকে সিরিয়ার রাজনৈতিক, মানবিক ও অর্থনৈতিক সহায়তা নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি দেশটির জাতীয় প্রতিষ্ঠানগুলো পুনর্গঠনের বিষয়েও গুরুত্বারোপ করা হয়েছে।
প্রিন্স ফয়সাল বলেন, “সিরিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা দ্রুত প্রত্যাহার করা প্রয়োজন।” তিনি আরও জানান, এই ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে সৌদি আরব সক্রিয় সংলাপে রয়েছে এবং ইতিবাচক বার্তা পাচ্ছে।
উল্লেখ্য, ২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হলে দীর্ঘদিন ক্ষমতায় থাকা বাশার আল-আসাদ সরকার কঠোর আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখে পড়ে। ২০২৪ সালের ডিসেম্বরে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) নেতা আহমেদ আল-শারা সিরিয়ার নতুন শাসক হিসেবে ক্ষমতায় আসেন। আসাদ সরকারের শাসনামলে আরোপিত নিষেধাজ্ঞাগুলো এখনো বহাল রয়েছে, যা সিরিয়ার অর্থনীতির ওপর বিরূপ প্রভাব ফেলছে। সৌদি পররাষ্ট্রমন্ত্রীর এই আহ্বান নিষেধাজ্ঞা প্রত্যাহারে আন্তর্জাতিক মহলে নতুন দৃষ্টিভঙ্গি উন্মোচন করতে পারে বলে মনে করা হচ্ছে।
বিএম/সজীব



