ডেস্ক রিপোর্টঃ ইসরায়েলি বিমান বাহিনী সিরিয়ায় এক বিমান হামলা চালিয়ে কমপক্ষে ১১ জনকে হত্যা করেছে, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। ব্রিটেনভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, দামেস্কের কাছে আদ্রা শিল্প শহরের কাছে আসাদ বাহিনীর অস্ত্রাগারে হামলা চালানো হয়।
যদিও বেইরুট ভিত্তিক আল-মায়াদিন টিভি চ্যানেল মৃত্যুর সংখ্যা ৬ বলে জানিয়েছে, তবে সিরিয়ান অবজারভেটরি নিশ্চিত করেছে যে, ১১ জন নিহত হয়েছে। হামলার লক্ষ্য ছিল আসাদ সরকারের অস্ত্রাগার, যা ইসরায়েলিরা দীর্ঘদিন ধরে আক্রমণ করে আসছে।
এদিকে, ইসরায়েলি সামরিক বাহিনী এ হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি। সিরিয়ায় ২০১১ সালের গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল একাধিক হামলা চালিয়েছে, যার লক্ষ্য ছিল ইরান-পৃষ্ঠপোষিত গোষ্ঠী এবং আসাদ সরকারের অস্ত্রাগার। সিরিয়ার নতুন সরকারও ইসরায়েলের বিমান হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে।
এছাড়াও, সিরিয়ার উত্তরাঞ্চলে তুর্কি সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী কুবানি শহরের কাছে কুর্দি বাহিনীর বিরুদ্ধে হামলা চালিয়েছে, যার ফলে নতুন করে সহিংসতা বৃদ্ধি পেয়েছে।
বিএম/সজীব



